শামির দুয়ারে লোকটি ক্ষুধায় অজ্ঞান হওয়ার পর...

করোনাভাইরাস থেকে জীবন বাঁচাতে ‘লকডাউন’ চলছে ভারতে। এতে ভীষণ সমস্যায় পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষেরা। কাজ নেই তাই ঘরে খাবারও নেই। ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচানোই দায়!
এমন সব মানুষদের পাশে দাঁড়িয়েছেন মোহাম্মদ শামি। স্থানীয়ভাবে কাজ করছেন নিজ শহর আমোরাহ-র এক গোষ্ঠীর সঙ্গে। মানবেতর জীবন-যাপন করা এক মানুষের গল্পই শোনালেন ভারতের এই পেসার। জাতীয় দল সতীর্থ যুজবেন্দ্র চাহালের সঙ্গে কাল ইনস্টাগ্রামে সরাসরি আলাপের সময় ঘটনাটা উঠে এসেছে শামির মুখে।
‘লোকটা রাজস্থান থেকে আসছিলেন। যাবেন বিহারে, যেটা লক্ষ্মৌ থেকেও অনেক দূরে। তাঁর চলার শক্তি ছিল না। বাসার সিসিটিভিতে দেখলাম ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আমার বাসার দরজা থেকে কাছেই। গিয়ে তাঁকে খাবার দিই এবং সাহায্য করি’—বললেন শামি।
২৯ বছর বয়সী এ পেসার করোনা-কালে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছেন মানবেতর জীবন কাটানো অভিবাসীদের, ‘যতটা সম্ভব করছি। এখানে অভিবাসী শ্রমিকেরা আছে, তাঁদের জন্য দিন পার করাই কষ্ট। মূল সড়ক বাসার কাছে হওয়ায় মানুষের কঠিন সময়টা দেখতে পাচ্ছি। যতটা সম্ভব তাঁদের সাহায্য করা উচিত, এটাই মনে হয় আমার।’
শামির সময় কাটছে এখন ঘরে। বাকি সতীর্থদের মতোই। তাঁর বিশ্বাস, ঘরে বসে থাকার এ সময়ে ভারত দলের ক্রিকেটাররা রান্না-বান্নার কাজটা শিখে ফেলবে, ‘আমি রান্না করতে শিখেছি। রান্নার কাজে মাকে সাহায্য করি।’