
অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে উড়তে থাকা পাকিস্তানের কাছে আবুধাবির প্রথম টেস্টে উড়ে গেল নিউজিল্যান্ডও। এরপর হঠাৎ বদলে গেল দৃশ্যপট। দুবাই টেস্টে ড্র হওয়ার পর এখন শারজায় পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড এগিয়ে ২৮৬ রানে, পাকিস্তানের সামনে আজ ও কাল কঠিন দুটি দিনই অপেক্ষা করছে।
এমন রেকর্ডপ্রসূ দিন নিউজিল্যান্ডের জন্য কমই এসেছে। অসমাপ্ত প্রথম ইনিংসে ৮ উইকেটে নিউজিল্যান্ড করেছে ৬৩৭ রান, দেশের বাইরে এটিই তাদের সর্বোচ্চ রান। আর সব মিলিয়ে এক ইনিংসে এর চেয়ে বেশি রান এর আগে মাত্র দুবার করতে পেরেছে তারা। ডাবল সেঞ্চুরি করে ব্রেন্ডন ম্যাককালাম গড়েছেন এক পঞ্জিকাবর্ষে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। কাল ইয়াসির শাহের বলে ছয় মেরেই দুই শ পেরোনোর এক বল পর ইয়াসিরের বলেই হয়েছেন বোল্ড। ১৮৬ বলে করা ডাবল সেঞ্চুরিটা টেস্ট ইতিহাসের চতুর্থ দ্রুততম, নিউজিল্যান্ডের পক্ষে চারটি ডাবল সেঞ্চুরিও আর কারও নেই।
তবে ম্যাককালাম যতক্ষণ ছিলেন, ততক্ষণই একটু আড়ালে ছিলেন কেন উইলিয়ামসন। এরপর তিনিও কাঁদিয়ে ছেড়েছেন পাকিস্তানি বোলারদের। সেঞ্চুরি পূরণ করেছেন ১২৪ বলে, সংক্ষিপ্ত উদ্যাপনে বুঝিয়ে দিয়েছেন ফিলিপ হিউজের মর্মান্তিক অকালমৃত্যুতে কতটা আচ্ছন্ন ক্রিকেটজগৎ। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিরই কাছাকাছিও চলে গিয়েছিলেন, কিন্তু ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান রাহাত আলীর বলে। ম্যাককালামের সঙ্গে ২৯৭ রানের জুটি দ্বিতীয় উইকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ। তৃতীয় দিনে হওয়া ৮৫ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৩৮৬ রান। সবচেয়ে বেশি তাণ্ডব চলেছে মোহাম্মদ তালহার ওপর, ২২ ওভারে দিয়েছেন ১৩৬ রান, ওভারপ্রতি ৬.১৮!
আসলে ঝড়টা গেছে শারজার গ্যালারির ওপর দিয়েও। কাল সারা দিনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা মেরেছেন ১৯টি ছয়, এক ইনিংসে নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও এটি। ম্যাককালাম একাই মেরেছেন ১১টি। রস টেলর, কোরি অ্যান্ডারসন, টিম সাউদির মধ্যে তো ছিল অদ্ভুত মিল। তিনজনই ঠিক ৫০ রান করে আউট হয়েছেন, তিনজনই ছয় মেরেছেন দুটি করে! টেন ক্রিকেট, ক্রিকইনফো।