শারজায় হাফিজময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর মোহাম্মদ হাফিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ১৭৮ রানে অপরাজিত আছেন পাকিস্তানি এই ওপেনার l এএফপি
সেঞ্চুরির পর মোহাম্মদ হাফিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ১৭৮ রানে অপরাজিত আছেন পাকিস্তানি এই ওপেনার l এএফপি

সর্বশেষ ১৬ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিনজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে টেস্ট খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচ তারা জিততে পারেনি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টটি নিউজিল্যান্ড হারবে না জিতবে, সেটা এখনই বলা বাড়াবাড়ি। তবে শারজায় প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৮১ রান করে চালকের আসনে পাকিস্তানই।
চোটের জন্য দুবাইয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। তার আগে আবুধাবি টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৯৬ ও ১০১*। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন মোহাম্মদ হাফিজ। ম্যাচের প্রথম বলেই চার মেরে শুরু। যেন বোঝাতে চাইলেন, ‘দিনভর এভাবেই শাসন করবে আমার ব্যাট!’ প্রথম দিনে পাকিস্তান ব্যাটিংয়ের হাইলাইটসই বলা যায় তাঁর ব্যাটিং। মাঠে সারা দিনই ‘ব্যস্ত’ ছিলেন। পুল, কাভার ড্রাইভ, কাট করে একের পর এক বাউন্ডারি মেরেছেন। মনঃসংযোগে ব্যাঘাত ঘটেনি একবারও, বলতে গেলে নিখুঁত এক ইনিংস খেলেছেন। চারটি জুটি গড়ার পথে আধিপত্য ছিল হাফিজেরই। প্রথম উইকেট জুটিতে ৪৪ রানের মধ্যে ৩১, দ্বিতীয়টিতে ৮৭ রানের মধ্যে ৪৬, তৃতীয় উইকেটে ২৯-এর মধ্যে ২৪ এবং চতুর্থ উইকেটে ১২১ এর মধ্যে ৭৭। এক দিনেই করেছেন ১৭৮ রান! যেভাবে খেলছেন, নিজে উইকেট ছুঁড়ে দিয়ে না এলে কিউইদের পক্ষে তাঁকে আউট করা কঠিনই হবে!
শারজার মরা পিচে সারা দিনই মাথা কুটে মরেছেন নিউজিল্যান্ড বোলাররা। তবু সবার চোখ ছিল একজনের দিকে—সাদা পোশাকে ড্যানিয়েল ভেট্টোরি! দুই বছরেরও বেশি সময় পর নিউজিল্যান্ডের টেস্ট দলে ভেট্টোরি। আর এতেই স্টিভেন ফ্লেমিংকে ছাপিয়ে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার (১১২) রেকর্ড গড়লেন এই অলরাউন্ডার। প্রায় এক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বাইরে, তবু সেই মাপা লেন্থ, নিখুঁত লাইন। ফিরেই প্রথম ওভারটি মেডেন করলেন। দ্বিতীয় স্পেলে এসে ড্রিফটের ভেল্কিতে ফেরালেন ফর্মের তুঙ্গে থাকা ইউনিস খানকে। ফিটনেসের কথাটা ভেবেই কিনা, ম্যাককালাম পুরো দিনে ভেট্টোরিকে বল করিয়েছেন মাত্র ১২ ওভার। মার্ক ক্রেগ নিয়েছেন বাকি দুই উইকেট। টেন ক্রিকেট, ক্রিকইনফো।

স্কোরকার্ড
টস: পাকিস্তান
পাকিস্তান প্রথম ইনিংস
রান বল ৪ ৬
হাফিজ ব্যাটিং ১৭৮ ২৬২ ২৩ ৩
মাসুদ ব ক্রেগ ১২ ৫৭ ১ ০
আজহার ক টেলর ব ক্রেগ ৩৯ ১০২ ৪ ১
ইউনিস এলবিডব্লু ব ভেট্টোরি ৫ ১৩ ০ ০
মিসবাহ ব্যাটিং ৩৮ ১০৭ ৫ ১
অতিরিক্ত (লেবা ৪, ও ৪, নো ১) ৯
মোট (৯০ ওভারে, ৩ উইকেটে) ২৮১
উইকেট পতন: ১-৪৪, ২-১৩১, ৩-১৬০।
বোলিং: বোল্ট ১৭-৫-৪৭-০ (ও ১), সাউদি ১৮-৩-৪৩-০, ভেট্টোরি ১২-৪-২৮-১, অ্যান্ডারসন ১২-৪-২৮-০ (ও ৩, নো ১), ক্রেগ ১৬-৩-৬৭-২, সোধি ১৫-২-৬৪-০।