শারীরিক বাধা তুচ্ছ হয়েছে তাঁদের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগবালাই কিংবা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অনেকেই কিংবদন্তির মর্যাদা পেয়েছেন ক্রিকেট ইতিহাসে। এ তালিকায় সবার আগে আসবে স্যার লেন হাটন, মনসুর আলী খান পতৌদিদের নাম। শারীরিক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার এমন গল্প বেশ কয়েকটিই আছে ক্রিকেটে...

বাঁ পায়ের তিনটি আঙুল নেই গাপটিলের। ছবি: এএফপি
বাঁ পায়ের তিনটি আঙুল নেই গাপটিলের। ছবি: এএফপি

মার্টিন গাপটিল
নিজেদের প্রতিষ্ঠানেই কাজ করছিলেন। বড় ভাই বেন চালাচ্ছিলেন ফর্কলিফট (মালামাল বহনকারী গাড়ি)। অসাবধানতাবশত যানটা উঠে গেল এক্কেবারে বাঁ পায়ের ওপরে। মুহূর্তেই আর্তচিৎকার...ক্রমে ফিকে হয়ে এল ১৩ বছর বয়সী মার্টিন গাপটিলের রঙিন পৃথিবী। চেতনা যখন ফিরল, তখন অকল্যান্ড হাসপাতালের বিছানায়। ভবিষ্যৎ পড়ে গেল ঘোর অনিশ্চয়তায়, যখন শুনলেন বাঁ পায়ের তিনটা আঙুল কাটা পড়েছে! সেই গাপটিলই ২০০৯ সালের জুনে নিজের ঘরের মাঠ অকল্যান্ডে ফ্লেমিংয়ের ১৪ বছরের রেকর্ড ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই করলেন অপরাজিত ১২২ রান।

ডান হাতের মধ্যমা কাটা পড়েছিল কামিন্সের। ছবি: এএফপি
ডান হাতের মধ্যমা কাটা পড়েছিল কামিন্সের। ছবি: এএফপি

প্যাট কামিন্স
দড়াম করে দরজা বন্ধ করতে চেয়েছিল বোন। দরজার ফাঁকে পড়ে গেল প্যাট কামিন্সের ডান হাতের মধ্যমা। অগত্যা কেটে ফেলতে হলো আঙুলের ডগা। তবে সেটি খুব একটা সমস্যায় ফেলেনি তাঁকে। তর্জনী যে ঠিক ছিল! কামিন্সের অস্ট্রেলিয়া দলে অভিষেক হয় ১৮ বছর বয়সেই। অভিষেকটা দ্রুত হলেও টেস্ট দলে নিয়মিত হতে পারেননি। গত মার্চে ভারত সফর দিয়ে প্রায় অর্ধযুগ পরে দলে ফিরেছেন ২৪ বছর বয়সী এই পেসার।

টেস্টিকুলার ক্যানসার হয়েছিল ওয়েডের। তিনি বর্ণান্ধও। ছবি: এএফপি
টেস্টিকুলার ক্যানসার হয়েছিল ওয়েডের। তিনি বর্ণান্ধও। ছবি: এএফপি

ম্যাথু ওয়েড
ওয়েডের ঘটনাটা অবশ্য কামিন্স-গাপটিলের মতো নয়। ক্রিকেটের সঙ্গে তত দিনে জড়িয়ে ফেলেছেন নিজেকে। যখন স্বপ্নটা ডালপালা মেলতে শুরু করেছে, তখন শুনলেন এক দুঃসংবাদ। ১৬ বছর বয়সে ধরা পড়ল টেস্টিকুলার (অণ্ডকোষ) ক্যানসার। রোগ থেকে মুক্তি পান দুই দফা কেমোথেরাপি দেওয়া পর। ২৪ বছর বয়সে পা রাখেন অস্ট্রেলিয়া টেস্ট দলে। ওয়েড অবশ্য বর্ণান্ধ।

পোলিও হওয়া হাত নিয়েই টেস্ট ক্যারিয়ারে ২৪২ উইকেট চন্দ্রশেখরের। ফাইল ছবি
পোলিও হওয়া হাত নিয়েই টেস্ট ক্যারিয়ারে ২৪২ উইকেট চন্দ্রশেখরের। ফাইল ছবি

ভগবৎ চন্দ্রশেখর
মনসুর আলী খান পতৌদির হাত ধরে জন্ম নেওয়া ভারতের বিখ্যাত ‘স্পিন চতুষ্টয়ে’র অন্যতম সদস্য তিনি। শিখরে উঠবেন কী, শিকড়েই তো সম্ভাবনার অপমৃত্যু হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল ভগবৎ চন্দ্রশেখরের। শৈশবে তাঁর পোলিও হয়েছিল। ক্ষতি হয়ে যায় ডান হাতে। দীর্ঘ সময় তাই হাত তুলে রাখতে পারতেন না। এ কারণেই জোরের সঙ্গে লেগ স্পিন করতে পারতেন। ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া চন্দ্রশেখর ৫৮ টেস্টে পেয়েছেন ২৪২ উইকেট।

রোডস মৃগী রোগের রোগী! ছবি: এএফপি
রোডস মৃগী রোগের রোগী! ছবি: এএফপি

জন্টি রোডস
দুর্দান্ত ফিল্ডিংয়ের মানদণ্ড তৈরি করে দিয়েছেন তিনি। অসাধারণ ফিল্ডার হওয়ার প্রথম শর্তই তো শারীরিকভাবে ফিট হওয়া। রোডস সব শর্ত মেনেই বিশ্বসেরা ফিল্ডার হয়েছেন। তবে সমস্যা একটা তাঁর আছে—সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার মৃগী রোগে আক্রান্ত। ছয় বয়সে প্রথম ধরা পড়ে তাঁর এই রোগ। শৈশবে এ কারণে হেলমেট পরে মাঠে যেতেন! ২২ বছর বয়সে তাঁর টেস্ট অভিষেক। পরে তো নিজেকে বিশ্বসেরা ফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু এই রোগ থেকে মুক্তি পেলেন কীভাবে? এক সাক্ষাৎকারে জন্টি বলেছিলেন, ‘আমরা রোগটা হালকা। খুব একটা চিকিৎসার প্রয়োজন হয়নি।’