শাস্তি কমল আশরাফুলের

বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে মোহাম্মদ আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ করে গত ১৮ জুন রায় দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রাইব্যুনাল। দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেটেই এ শাস্তি পেয়েছিলেন তিনি। আজ সোমবার বিসিবির ডিসিপ্লিনারি কমিটি আশরাফুলের আপিলের পরিপ্রেক্ষিতে শাস্তি আট বছর থেকে কমিয়ে পাঁচ বছর করার সিদ্ধান্ত নিয়েছে।
আশরাফুলের শাস্তি কার্যকর ধরা হয়েছে ২০১৩ সালের ১৩ আগস্ট থেকে। অভিযুক্ত ব্যক্তিদের ওই দিনই সাময়িকভাবে বহিষ্কার করা হয়। ফলে এরই মধ্যে এক বছর শাস্তি ভোগ করেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আশরাফুলকে ভোগ করতে হবে আরও চার বছরের শাস্তি। তবে আশরাফুল ট্রাইব্যুনালের শর্ত মানলে শেষ দুই বছর শাস্তি মওকুফ হতে পারে। তাতে ২০১৬ সালের ১৩ আগস্ট বা তারপর ক্রিকেটে ফিরতে পারেন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক। শর্ত হলো, এ সময়ে আইসিসি, এসিসি এবং বিসিবির আওতাধীন দুর্নীতিবিরোধী শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রমে তাঁকে অংশ নিতে হবে।
আশরাফুলের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের চারটিই প্রমাণিত হয়েছে বলে রায়ে বলেছিলেন বিসিবির ট্রাইব্যুনাল। বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালার ৬.২ ও ৬.৪ ধারা অনুযায়ী আশরাফুলকে শাস্তি দেওয়া হয়।