শাস্তি কমল সাকিবের

দুপুরের সভা শেষ হতে হতে বিকেল গড়িয়ে পেরিয়ে গেল সন্ধ্যা। আলোচ্যসূচিতে যে ছিল একগাদা বিষয়বস্তু! তবে মূলত একটি বিষয় নিয়েই আগ্রহ ছিল অপেক্ষমাণ সাংবাদিকদের, দেশের ক্রিকেটাঙ্গনেরও। সাকিব আল হাসানের তো অবশ্যই, বিসিবির এই সভার জন্যই অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি। শাস্তি কমছে, সেটি প্রায় নিশ্চিতই ছিল। তার পরও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তো সংশয় তো ছিলই। সেই ঘোষণা এল চার ঘণ্টারও বেশি দীর্ঘ সভা শেষে। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ কমেছে, এখন তা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ছয় মাসের নিষেধাজ্ঞা কমে দাঁড়াল তাই দুই মাসের একটু বেশিতে। যার অর্থ, অক্টোবরের জিম্বাবুয়ে সিরিজে তো বটেই, সাকিব খেলতে পারবেন আগামী মাসের মাঝামাঝি শুরু হতে যাওয়া প্রিমিয়ার ক্রিকেট লিগেও। নির্বাচকেরা চাইলে এশিয়ান গেমসে সোনা ধরে রাখার অভিযানেও রাখতে পারেন বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারকে। শৃঙ্খলা ভঙ্গের বেশ কিছু অভিযোগে গত ৭ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল সাকিবকে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছিল ২০১৫ সাল পর্যন্ত বিদেশের লিগগুলোতে খেলতে ছাড়পত্র না দেওয়ার ব্যাপারেও। এই সিদ্ধান্ত অবশ্য বহাল থাকছে আপাতত।
শাস্তি হওয়ার সপ্তাহ দুয়েক পরই তা কমানোর আবেদন করেন সাকিব। এরপর বিসিবি প্রধানসহ অন্য কর্তাদের কথায় বেশ কয়েকবারই মিলেছে তা কমানোর ইঙ্গিত। যদিও বিসিবির পরিচালকদের মধ্যে ভিন্নমতও ছিল। সভা শেষে সংবাদ সম্মেলনে শাস্তি কমানোর কারণ ব্যাখ্যা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যতটা কঠিন, তুলে নেওয়া তার চেয়েও বেশি কঠিন। এশিয়া কাপেও কিন্তু ওকে তিন ম্যাচ বহিষ্কার করা হয়েছিল। তখন অনেক অনুরোধ-চাপ ছিল শাস্তি কমানোর। কিন্তু আমরা অনড় ছিলাম। এবার তাঁর সাম্প্রতিক আচরণে আমরা সন্তুষ্ট। আপিল করে যে চিঠি বোর্ডকে দিয়েছিল, সেটিও সবার ভালো লেগেছে। যদিও মাঠে খেলা শুরু না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না, তাঁর ব্যবহারের পরিবর্তন আসলে কতটা হলো। তার পরও ব্যক্তিগত যোগাযোগে আমাদের ধারণা, ভুলটা সে বুঝতে পেরেছে এবং আশ্বস্তও করেছে, সে এই ধরনের ভুল আর করবে না। সবকিছু বিবেচনা করেই নিষেধাজ্ঞা কমানো হয়েছে।’
সাকিবহীন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। সাকিবের অভাব অনুভূত হয়েছে প্রতিটি ম্যাচেই, যেটি স্বীকার করেছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। সাকিবের শাস্তি কমানোয় বাংলাদেশ দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সও কি ভূমিকা রেখেছে? নাজমুল উত্তর দিলেন শুধু ‘না’ বলে।
নিষেধাজ্ঞা থাকায় ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দফার দলবদলে অংশ নিতে পারেননি সাকিব। তবে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় দফার দলবদলে পছন্দের দল বেছে নিতে পারবেন তিনি। যদিও সেটি কী প্রক্রিয়ায় হবে, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে। প্রশ্ন উঠেছে, সাকিবের আচরণে সন্তুষ্ট হলে বিদেশের লিগে খেলার নিষেধাজ্ঞা কেন বহাল থাকছে? নাজমুল হাসান জানালেন, খেলা শুরু হওয়ার পর তাঁর আচার-আচরণে উন্নতি দেখা গেলে এটিও শিথিল করার কথা বিবেচনা করবে বোর্ড।