শাস্তি পেতে হবে তামিমকেও
দুজনই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। বিপিএলের দ্বিতীয় দিনে সিলেট সুপারস্টারসের মালিক আজিজুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছিল চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের। তদন্ত শেষে বিসিবি পরিচালক ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল কাল জানিয়েছেন, এ ঘটনায় শাস্তি পাবেন দুজনই।
সেদিন টসের পর ব্যাটিংয়ে নেমে সিলেট দলের খেলোয়াড় তালিকার বাইরেও দুজন বিদেশি খেলোয়াড় দেখে আপত্তি জানিয়েছিলেন তামিম। তা জানিয়ে ব্যাটিং করতে নামা তামিম ড্রেসিংরুমের সামনে রাখা চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। এ সময় চিটাগং অধিনায়কের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় সিলেট সুপারস্টারস মালিকের। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, সিলেট সুপারস্টারসের মালিক তাঁর পরিবার টেনে বাজে মন্তব্য করছেন। সিলেট সুপারস্টারস দলের মালিকের ছেলে আজিমুল ইসলাম অবশ্য পরে দাবি করেন, উল্টো তামিমই নাকি গালাগাল করেছেন তাঁর বাবাকে।
প্রায় দুই মাসের তদন্ত শেষে বিসিবির শৃঙ্খলা কমিটি অপরাধ খুঁজে পেয়েছে দুজনেরই। শেখ সোহেল কাল জানালেন, ‘সবার সঙ্গে কথা বলার পর দুই পক্ষকেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শাস্তিটা হবে আর্থিক জরিমানা। এটা দেওয়া হতে পারে জিম্বাবুয়ে সিরিজের পরই।’
‘দুই পক্ষকেই শাস্তি’র ব্যাখ্যায় বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান বললেন, ‘আমরা শুধু সিলেটের মালিক ও তামিমের সঙ্গে কথা বলিনি, কথা বলেছি আরও অনেকের সঙ্গে। সবার সঙ্গে কথা বলে বুঝলাম, দুজনেরই দোষ। তামিম জাতীয় দলের খেলোয়াড়, বিপিএলের আইকন খেলোয়াড় ছিল। তাকে আরও ধৈর্য ধরতে হবে। মাঠে থেকে এ ধরনের ব্যবহার করা তার উচিত হয়নি। আবার একজন ফ্র্যাঞ্চাইজি মালিক মাঠে ঢুকে খেলোয়াড়ের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। এ কারণে তিনিও শাস্তি পাবেন।’
তবে দুজনের শাস্তির মাত্রা যে এক হবে না, তাও জানিয়ে দিয়েছেন শেখ সোহেল, ‘সিলেটের মালিক বেশি শাস্তি পাবেন। কারণ, নিয়ম ভেঙে তিনি মাঠে ঢুকে প্রথম এটা শুরু করেছিলেন। তিনি মাঠে না ঢুকলে ঘটনাটা ঘটত না।’