শাস্তির বিরুদ্ধে আপিল করবেন না স্মিথ

>
- ১২ মাস নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন না স্টিভ স্মিথ
- কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িত থাকায় নিষিদ্ধ হন তিনি
বল টেম্পারিং-কাণ্ডে অনুতপ্ত স্টিভ স্মিথ। এ ঘটনায় নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য। হারিয়েছেন অস্ট্রেলিয়ার নেতৃত্ব। সিডনি মর্নিং হেরাল্ড এর আগে জানিয়েছিল, নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করতে পারেন ডেভিড ওয়ার্নার ও স্মিথ। কিন্তু স্মিথ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শাস্তিটা তিনি মেনে নিয়েছেন। এর বিপক্ষে আপিল করবেন না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিং করে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন স্মিথ ও ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এ দুই খেলোয়াড়কে ১২ মাস করে নিষিদ্ধ করার পাশাপাশি ব্যানক্রফটকেও ৯ মাস নিষিদ্ধ করে।
অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) অবশ্য এ তিন ক্রিকেটারের সাজার মেয়াদ কমানোর আবেদন করেছে বোর্ডের কাছে। সংগঠনটির সভাপতি গ্রেগ ডায়ার বলেছেন, ‘একই অপরাধে অতীতে সবচেয়ে কঠোর শাস্তি যেখানে দুটি ওয়ান ডে-তে নিষেধাজ্ঞা, সেখানে স্মিথদের এই শাস্তি অনেক বেশি কঠোর। ওদের সঙ্গে সারা অস্ট্রেলিয়াও কেঁদেছে। এতেই বোঝা যায়, ওরা কতটা অনুতপ্ত। প্রাপ্য শাস্তিটা ওরা এভাবেই পেয়ে গেছে।’
বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত থাকার ঘটনা স্বীকার করে সংবাদ সম্মেলনে কেঁদেছেন তিন ক্রিকেটারই। দেশের জার্সিতে ফিরতে মরিয়া স্মিথ অবশ্য শাস্তির বিপক্ষে আপিল না করাকেই দেখছেন সঠিক পথ হিসেবে। টুইটারে তাঁর বক্তব্য, ‘ঘটনাটা পেছনে ফেলতে এবং আবারও দেশের জার্সিতে ফিরতে আমি যেকোনো কিছু ছাড়তে রাজি। সাজার বিপক্ষে আমি আপিল করব না। সিএ এই শাস্তি দেওয়ার মধ্য দিয়ে কঠিন বার্তা দিতে চেয়েছে এবং আমি তা মেনে নিয়েছি।’
স্মিথ সাজা মেনে নেওয়ার অর্থ হলো আগামী বছর এপ্রিলের আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা নেই। তখন ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হতে মাত্র দুই মাস সময় বাকি থাকবে। তবে ওয়ার্নার ও ব্যানক্রফট নিজেদের শাস্তির বিপক্ষে আপিল করা না করা নিয়ে এখনো কিছু বলেননি।