জেতার যেকোনো সিদ্ধান্তকেই মনে হয় দুর্দান্ত। আর হেরে গেলে সবই খারাপ। এটাই পৃথিবীর নিয়ম। সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার অনেক কিছুকেই আতশি কাচের নিচে ফেলে দিয়েছে। এই যেমন ফাইনালে ভারতীয় দলের একাদশ নিয়ে প্রশ্ন উঠছে। আর কোচ ও অধিনায়ক যেহেতু একাদশ নির্বাচন করেন, তাই সমালোচনার তিরটা যে রবি শাস্ত্রী আর বিরাট কোহলির দিকেই ছুটে যাচ্ছে, সেটি বলাই বাহুল্য।
ফাইনালের দল নির্বাচন নিয়ে ভারতের সাবেক নির্বাচক শরণদীপ সিং রীতিমতো বিঁধেছেন রবি শাস্ত্রী আর কোহলিকে। ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পেছনে তিনি দায়ী করছে এ দুজনকেই। তাঁর মতে, নিউজিল্যান্ড যেখানে চার পেসার নিয়ে সফল হয়েছে, সেখানে ভারত কী ভেবে দুই স্পিনার খেলিয়েছে। তিনি অবশ্য শার্দুল ঠাকুরকে না খেলানোর বিষয়টিই সামনে এনেছেন, ‘শার্দুল ঠাকুরকে কেন খেলানো হলো না? সে পেসার হিসেবে দারুণ। লেট অর্ডারে ব্যাটিংটাও ভালো করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে সে নিজেকে প্রমাণ করেছিল।’
দল নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন সঞ্জয় মাঞ্জরেকারও। তিনি অবশ্য সুযোগ পেয়েই লক্ষ্যবস্তু বানিয়েছেন তাঁর পুরোনো ‘শত্রু’ রবীন্দ্র জাদেজাকে। ইএসপিএন-ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘রবীন্দ্র জাদেজাকে কেন নেওয়া হলো, বুঝলাম না। বৃষ্টিস্নাত আবহাওয়ায় দলে দুই স্পিনার খেলানোই তো সমালোচনাযোগ্য ব্যাপার। জাদেজাকে তাঁর বাঁহাতি স্পিনের জন্য যতটা নেওয়া হয়েছিল, তার চেয়ে অনেক বেশি তাঁর ব্যাটিংয়ের জন্য নেওয়া। আমি ব্যাপারটা সমর্থন করতে পারিনি।’
জাদেজা এ ম্যাচে নিতে পেরেছেন মাত্র একটি উইকেট। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে রান এসেছে ১৫, দ্বিতীয় ইনিংসে ১৬।