শাস্ত্রীই কোহলিদের কোচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিল কুম্বলে পদত্যাগ করার পর থেকেই তাঁর নামটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ভারতের পরবর্তী কোচ হিসেবে। রবি শাস্ত্রী নিজে অবশ্য এটা নিয়ে কিছু বলেননি। তবে কাল ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, বিরাট কোহলিদের নতুন কোচ হওয়ার জন্য আবেদন করেছেন সাবেক এই অলরাউন্ডার। সুনীল গাভাস্কারের তো বলেই দিয়েছেন, কোচ হওয়ার দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে শাস্ত্রী।

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতের অমিল হওয়ায় গত ২০ জুন কোচের পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে।  কুম্বলে দায়িত্বে থাকার সময়ই নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। কুম্বলের পদত্যাগের পর বাড়ানো হয়েছে আবেদন করার সময়সীমা। আগ্রহীরা আবেদন করতে পারবেন ৯ জুলাই পর্যন্ত। ১০ জুলাই আগ্রহীদের সাক্ষাৎকার নেবে টেন্ডুলকার, গাঙ্গুলী ও লক্ষ্মণকে নিয়ে গড়া বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি।

শোনা যাচ্ছে, ভারতীয়দের মধ্যে শাস্ত্রী ছাড়াও আবেদন করেছেন বীরেন্দর শেবাগ, লালচাঁদ রাজপুত। বিসিসিআই আবেদনপত্র পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের পরামর্শক টম মুডি, পাকিস্তানের সাবেক কোচ রিচার্ড পাইবাস ও সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ফিল সিমন্সের কাছ থেকেও। তবে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাল সুনীল গাভাস্কার বলেছেন, তাঁদের মধ্যে শাস্ত্রীই এগিয়ে।

যদিও এই শাস্ত্রীকে বাদ দিয়েই আগেরবার অনিল কুম্বলেকে কোচ হিসেবে বেছে নিয়েছিলেন টেন্ডুলকার-সৌরভ-লক্ষ্মণের উপদেষ্টা কমিটি। এবারও তাঁদের হাতেই থাকছে কোচ বেছে নেওয়ার দায়িত্ব। তবে পরিস্থিতি এখন অনেকটাই পাল্টে গেছে। কোচ নির্বাচনের ক্ষেত্রে অধিনায়ক কোহলির মতামতও উপদেষ্টাদের বিশেষ বিবেচনায় নিতে হচ্ছে এখন। আর কোহলি যে শাস্ত্রীকেই চাইছেন, সেটি ভালোভাবেই রটে গেছে ভারতীয় ক্রিকেটে। এমনকি শোনা যাচ্ছে, এরই মধ্যে নাকি কোহলি টেন্ডুলকারের সঙ্গে কথা বলে নিজের পছন্দের কথাও জানিয়ে রেখেছেন। পরে টেন্ডুলকারই নাকি শাস্ত্রীকে অনুরোধ করেছেন কোচের পদে আবেদন করতে।

এর আগে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত প্রায় ১৮ মাস ভারতের টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন শাস্ত্রী। তাঁর অধীনে ভারত ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে, ২২ বছর পর প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জেতে এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকেও ৩-০ ব্যবধানে হারায় টেস্ট সিরিজে।  এনডিটিভি।