শাস্ত্রীকে কোচ করতে বলেছেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাস্ত্রীর সঙ্গেই কোহলির রসায়নটা জমে ভালো। ফাইল ছবি
শাস্ত্রীর সঙ্গেই কোহলির রসায়নটা জমে ভালো। ফাইল ছবি

ভারতীয় দলের কোচ হতে যাচ্ছেন কে? অনিল কুম্বলে কি তাঁর জায়গাটি ধরে রাখতে পারবেন? বীরেন্দর শেবাগ কিংবা টম মুডিদেরও সম্ভাবনা আছে ভারতীয় দলের কোচের পদে। আগামীকাল শুক্রবার কোচের পদে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগে টাইমস অব ইন্ডিয়ার খবরে চমকে উঠতেই হয়। ভারতের এই শীর্ষ ইংরেজি দৈনিকটি জানিয়েছে, কুম্বলে, শেবাগ কিংবা মুডি—কোচ হিসেবে যাঁরাই সাক্ষাৎকার দিন, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ইংল্যান্ড যাওয়ার আগেই নাকি বিরাট কোহলি জানিয়ে গেছেন নিজেদের পছন্দের কথা। গত ২৩ মে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির দুই সদস্য, সাবেক তারকা শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে দেখা করে কোহলি জানিয়ে দেন, কুম্বলে নয়, ভারতীয় দলের কোচ হিসেবে তাঁরা দেখতে চান রবি শাস্ত্রীকে। কোহলি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধটাও টেন্ডুলকার ও লক্ষ্মণকে করে গেছেন।

চ্যাম্পিয়নস ট্রফির পরপরই শেষ হয়ে যাবে কুম্বলের মেয়াদ। নতুন করে কোচের পদে সাক্ষাৎকারের যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তাতে আবেদন করেছেন কুম্বলে নিজেও। পাশাপাশি আবেদন করা প্রার্থীদের মধ্যে আছেন অস্ট্রেলীয় টম মুডি, ক্রেইগ ম্যাকডারমট, ইংলিশ কোচ রিচার্ড পাইবাসরা। ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটারও আবেদন করেছেন। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে সাক্ষাৎকার-প্রক্রিয়া। চ্যাম্পিয়নস ট্রফির আগেই নাকি নতুন করে কোচ নিয়োগের ব্যাপারটি সেরে ফেলতে চায় বিসিসিআই।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোহলি শাস্ত্রীর পক্ষে যতই কথা বলুন না কেন, ভারতীয় দলের সাবেক কোচিং ডিরেক্টর কিন্তু বিসিসিআই বরাবর নিজের আবেদন পাঠাননি। ৩১ মে আবেদন পাঠানোর তারিখও শেষ হয়ে গেছে। এ অবস্থায় কোহলির অনুরোধ সত্ত্বেও শাস্ত্রীর সাক্ষাৎকার নেওয়া হবে না।
শাস্ত্রী ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত কোচিং ডিরেক্টর পদমর্যাদায় ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি কোচের পদে আবেদন করেছিলেন। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের উপদেষ্টা কমিটি অবশ্য শেষ মুহূর্তে তাঁকে টপকে কোচের পদে নিয়োগ দেয় অনিল কুম্বলেকে। ব্যাপারটা নিয়ে বেশ অসন্তোষও ছিল শাস্ত্রীর মধ্যে।