শাস্ত্রীকে হেইডেনের জবাব

নাগপুর টেস্টকে ঘিরে বিতর্ক আর সমালোচনা প্রথম দিন থেকেই ছিল। তবে সেসব ছিল উইকেট নিয়ে। ক্রিকেটীয় তর্কাতর্কিটা এবার একটু ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। এর আগে পিচের সমালোচনা করে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন যে টুইট করেছিলেন, সেটির কড়া জবাব দিয়েছিলেন ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী। এবার শাস্ত্রীকে জবাব দিলেন হেইডেন। নিজের লম্বা ক্যারিয়ারটাকে মনে করিয়ে দিয়ে বললেন, ক্রিকেটের ভালোর জন্য এই কথাগুলো বলার অধিকার তাঁর আছে!
ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট চলার সময় হেইডেন টুইট করেছিলেন, ‘বুঝতে পারছি না এত ভালো দলগুলোও কেন ফল আনার উদ্দেশ্যে পরিস্থিতির ফায়দা তুলছে। অসাধারণ মানসম্পন্ন দুটি দল।’ অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশেষজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল তো এই পিচকে বলেছেন ‘নারকীয়’, ‘মাইনফিল্ড’। এতেই খেপেছিলেন ভারতীয় দলের শাস্ত্রী। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের উদ্দেশে বলেছিলেন, ভারতের পিচ নয়, ঘরে বসে বরং নিজেদের পিচ নিয়ে মাথা ঘামানো উচিত তাঁদের।
এবার এর উত্তর দিলেন হেইডেন। দিল্লিতে এক অনুষ্ঠানে সাবেক অস্ট্রেলিয়ান বললেন, ‘১০৩টি টেস্ট খেলেছি, কিছু বলার অধিকার তো আমার আছেই। আমি বলছি ক্রিকেটের ভালোর জন্য। কিন্তু এর জন্য বেশ বাজে প্রতিক্রিয়া পেয়েছি। রবি শাস্ত্রী যেমন জনপ্রিয় মতটাই তুলে ধরলেন, “ঘরে বসে নিজের পিচ নিয়ে মাথা ঘামাও।”
হেইডেনের টুইটের পরই অনেক ভারতীয় দর্শক তাঁর সমালোচনা করেছিলেন। কিন্তু খেলার প্রতি ভালোবাসা থেকেই টুইটটি করেছিলেন জানিয়ে হেইডেন বললেন, ‘ভারতের পিচ নিয়ে একজন অভারতীয় মন্তব্য করছে দেখে প্রায় ৮০ শতাংশ লোকই বলেছিলেন, “নিজের দেশ নিয়ে ভাবো।” তবে ২০ শতাংশ লোক ছিলেন যাঁরা খেলাটি বোঝেন, একে ভালোবাসেন। তাই আমাকে পছন্দ করুন আর না-ই করুন, তাঁরা আমার সঙ্গে একমত হয়েছিলেন।’
হেইডেন অবশ্য এখন আরেকটু জোর পাবেন। নাগপুর টেস্টের ম্যাচ রেফারি জেফ ক্রোও তাঁর প্রতিবেদনে ওই টেস্টের পিচকে ‘খারাপ’ বলেছেন। যাঁর জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাচ্ছে বিসিসিআই। আইসিসির বিশ্লেষণেও যদি ধরা পড়ে যে পিচ ‘খারাপ’ ছিল, তাহলে এমন পিচ বানানোর জন্য বিসিসিআইকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি জরিমানা করা হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার। টাইমস অব ইন্ডিয়া।