শাস্ত্রীদের '৮৫'র দল বিপদে ফেলতে পারত কোহলিদের

কোচ হিসেবে বর্তমান ভারতীয় দলের আদ্যপান্ত জানেন রবি শাস্ত্রী। শাস্ত্রী জানেন ১৯৮৫ সালের ভারতের সেই দল সম্পর্কেও। তিনি যে ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অস্ট্রেলিয়াতে বেনসন অ্যান্ড হেজেস সিরিজ, যেটি মিনি বিশ্বকাপ নামেই বেশি পরিচিত, সে টুর্নামেন্টে শিরোপাজয়ী ভারতী দলের সেরা খেলোয়াড়ই ছিলেন তিনি। তাঁর মতে, বিরাট কোহলির আজকের এই ভারতকে যথেষ্ট বিপদে ফেলতে পারত পঁচাশির সেই দল।
শাস্ত্রী '৮৫ সালের দলকে ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের চেয়েও এগিয়ে রাখছেন। সুনীল গাভাস্কারের নেতৃত্বে '৮৫ সালের ভারতীয় দলে সেবার শিরোপা জিতেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে।
৮৫-এর দলটা কেন এত দুর্দান্ত, শাস্ত্রী সেটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, '১৯৮৩ সালের দলের সঙ্গে যদি তুলনা করি ১৯৮৫ সালের দলটা বলব বেশি শক্তিশালী। আপনারা জানেন আমি দুই দলেরই সদস্য ছিলাম। ১৯৮৩ বিশ্বকাপ খেলেছি। ১৯৮৫ সালেও খেলেছি। যদি প্রতিটি খেলোয়াড় দেখেন, '৮৩ বিশ্বকাপের ৮০ শতাংশই '৮৫ সালের দলেও ছিল। তবে '৮৫ সালে কিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় যোগ হয়েছিল। যেমন লক্ষ্মণ শিবারামাকৃষ্ণান, সদানন্দ বিশ্বনাথ ও মোহাম্মদ আজহারউদ্দিন।'
ভারতের বর্তমান কোচ বলতে চাইছেন, অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে তাঁদের '৮৫-এর দলটা অসাধারণ হয়ে উঠেছিল। 'মিনি বিশ্বকাপ' জয়ের স্মৃতি মনে পড়তেই মজার একটা ঘটনাও মনে পড়লে ভারতীয় কোচের। সেবার টুর্নামেন্টসেরার পুরস্কার ছিল একটি 'অডি'ব্র্যান্ডের গাড়ি।
দামি গাড়িটা পেলে কী করা হবে, সেটি নিয়ে কপিল দেবের বক্তব্য ছিল, 'যদি আমি জিতি, এটি বিক্রি করে যে টাকা পাব, সেটির ২৫ শতাংশ রেখে বাকিটা ভাগ করে দেব সবার মধ্যে।' মহিন্দর অমরনাথের কথা, 'যার কপালে আছে সেই পাবে।' আর শাস্ত্রীর সরস মন্তব্য, 'যদি আমি জিতি, গাড়িটা রেখে দেব। শুধু বাড়তি চাকাটার ভাগ দিতে পারি!'
টুর্নামেন্ট–সেরা হয়ে গাড়িটা শেষ পর্যন্ত শাস্ত্রীই পেয়েছিলেন। অনেকেই বলেন তিরাশির বিশ্বকাপ জয়ের পর ১৯৮৫ সালের সেই অর্জন, ভারতকে পরিণত করেছিল সীমিত ওভারের ক্রিকেটে শক্তিশালী এক দলে।