শাস্ত্রীর আবেদন টেন্ডুলকারের অনুরোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকারের অনুরোধেই কোচের পদে আবেদন করতে রাজি শাস্ত্রী। ছবি: ফাইল ছবি
টেন্ডুলকারের অনুরোধেই কোচের পদে আবেদন করতে রাজি শাস্ত্রী। ছবি: ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ নিয়ে বেশ অভিমানই ছিল রবি শাস্ত্রীর। ২০১৪ সালে খুব কঠিন পরিস্থিতিতে ‘কোচিং ডিরেক্টরে’র দায়িত্ব নিয়ে ভারতকে সাফল্যের মুখ দেখিয়েছিলেন। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেকেই ভেবেছিলেন, শাস্ত্রীই থেকে যাবেন কোহলিদের দায়িত্বে। কিন্তু সেটি হয়নি। তাঁকে বাদ দিয়ে কোচের দায়িত্ব দিয়ে দেওয়া হয় অনিল কুম্বলেকে। ব্যাপারটা খুব পছন্দ করেননি ভারতের সাবেক এই তারকা। বেশ অভিমানও করেছিলেন। এবার কুম্বলের পদত্যাগের পর শাস্ত্রী কোচের পদে আবেদনও করেননি সেই অভিমান থেকে । তাঁর বক্তব্য ছিল পরিষ্কার, ‘বোর্ড আমাকে কোচ হিসেবে চাইলে ফোন করে ডাকুক। আমি আবেদন করব না।’ তবে সেই অবস্থান থেকে সরে এসে শেষ পর্যন্ত কোচের পদে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শাস্ত্রীর সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে আছে শচীন টেন্ডুলকারের অনুরোধ।
এই মুহূর্তে দুজনই আছেন লন্ডনে। সেখানেই নাকি শাস্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আবেদন করতে বলেন টেন্ডুলকার। ভারতের লিটল মাস্টার কোচ নিয়োগে দায়িত্বপ্রাপ্ত বোর্ডের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। এই কমিটির অপর দুই সদস্য সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ।
বোর্ডের সম্মতি নিয়েই নাকি শাস্ত্রীর সঙ্গে দেখা করেন টেন্ডুলকার। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে কুম্বলের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি শাস্ত্রীকে যে কোচ হিসেবে পছন্দ, সেটি জানিয়ে গিয়েছিলেন অধিনায়ক কোহলি। পাশাপাশি টেন্ডুলকার নিজেও নাকি ভারতীয় দলের কোচ হিসেবে শাস্ত্রীকেই দেখতে চান।
গত বছর, ব্যাংকক থেকে কোচের পদে স্কাইপেতে সাক্ষাৎকার দিয়েছিলেন শাস্ত্রী। উপদেষ্টা কমিটির দুই সদস্য টেন্ডুলকার ও লক্ষ্মণ সেই সাক্ষাৎকারের সময় উপস্থিত থাকলেও অন্য কাজ থাকায় ছিলেন না সৌরভ। টেন্ডুলকার গত বছরও শাস্ত্রীর পক্ষেই ব্যাট ধরেছিলেন। তবে সৌরভ ও লক্ষ্মণের সমর্থন ছিল কুম্বলের দিকেই।
এবার শাস্ত্রীর ক্ষেত্রে সৌরভ কী করবেন, সেটি নিয়ে কৌতূহল থাকছেই। শাস্ত্রীর আবেদনের ব্যাপারে জানতে চাওয়া হলে সৌরভের প্রতিক্রিয়াও বেশ ঠান্ডা, ‘যে–কেউই কোচের পদে আবেদন করতে পারে। শাস্ত্রী করেছেন। প্রশাসনিক দায়িত্বে না থাকলে আমিও এই পদে আবেদন করতাম।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া