শাস্ত্রীর চাকরি নিয়ে আবার টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাস্ত্রীর নিয়োগদাতা কমিটি ঘিরে উঠেছে প্রশ্ন। ছবি : এএফপি
শাস্ত্রীর নিয়োগদাতা কমিটি ঘিরে উঠেছে প্রশ্ন। ছবি : এএফপি

আবারও ভারতের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর রবি শাস্ত্রী হাঁপ ছেড়ে বেঁচেছিলেন।

বিশ্বকাপের পর ভারতের ক্রিকেট মহলে ‘শাস্ত্রী হটাও’ গুঞ্জনটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিশ্বকাপে প্রত্যাশিত ফলাফল না পাওয়া ও খেলোয়াড় সংক্রান্ত প্রশ্নবিদ্ধ কিছু সিদ্ধান্ত মিলিয়ে রবি শাস্ত্রীর অবস্থা ছিল কিছুটা কোণঠাসা। আবারও কোচ হতে পারবেন কি না, নিশ্চিত ছিল না। কিন্তু বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট পরামর্শক কমিটির (সিএসি কমিটি) কল্যাণে সেটা নিশ্চিত হয়েছে কিছুদিন আগে। কিন্তু এরপরেও বিপত্তি পিছু ছাড়ছে না শাস্ত্রীর।

এবার জানা গেল, সেই কমিটির সদস্যরাই যোগ্য নন! কমিটির প্রত্যেক সদস্যের ওপর স্বার্থ সংঘাত বিষয়ক অভিযোগ উঠেছে। করেছেন বিসিসিআইয়ের নীতি-নৈতিকতা বিষয়ক কর্মকর্তা ডিকে জৈন। কমিটির প্রত্যেক সদস্যকে এই বিষয়ক একটি নোটিশও পাঠিয়েছেন জৈন। ফলে বিপাকে পড়েছেন কমিটিপ্রধান কপিল দেব, সাবেক ভারতীয় ওপেনার অংশুমান গায়কোয়াড় ও সাবেক নারী ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী।

সাবেক এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ এনে ডিকে জৈনের কাছে একটি চিঠি পাঠান মধ্য প্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জীব গুপ্ত। তাঁর অভিযোগ ছিল, এই তিন প্রাক্তন ক্রিকেটার সিএসি কমিটি ছাড়াও অন্যান্য পদের সঙ্গে যুক্ত। অর্থাৎ, বিষয়টা স্বার্থ সংঘাতের আওতায় পড়ে। সঞ্জীব গুপ্তের মতে, কপিল সিএসি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ধারাভাষ্যও দিয়ে থাকেন। এ ছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানও আছে তাঁর। একই ধরনের অভিযোগ অংশুমান গায়কোয়াড়ের বিরুদ্ধেও। জানা গেছে, অংশুমান নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি চালান ভাদোদারায়। তাই তাঁরও ক্রিকেট পরামর্শক কমিটিতে থাকার যোগ্যতা নেই।

এদিকে, নোটিশ পেয়ে অবস্থা বেগতিক দেখে এর মধ্যেই সিএসি কমিটি থেকে পদত্যাগ করেছেন রঙ্গস্বামী। পদত্যাগ করেছেন ভারতীয় ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন (আইসিএ) এর পরিচালক পদ থেকেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসকদের কমিটিপ্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরিকে তিনি এর মধ্যেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ফলে সিএসি কমিটি আদৌ থাকবে কি না, সে প্রশ্ন আরও জোরালো হয়েছে। আর কমিটি যদি না থাকে, সে ক্ষেত্রে শুধু কপিল, শান্তা বা অংশুমানই নন, ঝামেলায় পড়বেন ভারত কোচ রবি শাস্ত্রীও। আবারও নতুন করে কোচ নিয়োগ দেওয়া হবে ভারতে। ফলে তখন আবারও নতুন করে আবেদন করতে হবে, সাক্ষাৎকার দিতে হবে শাস্ত্রীকে।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে নিশ্চিত করেছে বিষয়টা, ‘সিএসি কমিটি যদি না থাকে, তাহলে ভারতের নতুন কোচের নিয়োগপ্রক্রিয়াটা আবারও নতুন করে সম্পাদন করা হবে। অর্থাৎ রবি শাস্ত্রীকে আবারও নতুন করে কোচ হওয়ার জন্য আবেদন করতে হবে, সাক্ষাৎকার দিতে হবে নতুন সিএসি কমিটির কাছে।’

আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগের বছরে কোচ নিয়ে এমন দোটানায় থাকা ভারতের জন্য ঝামেলার বৈকি।