শাস্ত্রীর শাস্তি চান সুধীর

রবি শাস্ত্রীর আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটর সুধীর নায়েক। সেটিই স্বাভাবিক। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের উইকেট নিয়ে ম্যাচের পর ভারতীয় টিম ডিরেক্টর তাঁকে গালাগালি করেছেন বলে অভিযোগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এক কড়া চিঠি দিয়ে সাবেক অধিনায়কের শাস্তি দাবি করেছেন তিনি।
সেই ম্যাচে প্রোটিয়াদের রান বন্যা আর ভারতের রান পাহাড়ে চাপা পড়ার হতাশাটাই যেন কিউরেটর সুধীরের ওপর ঢেলে দিতে চেয়েছিলেন শাস্ত্রী। বিসিসিআইয়ের কাছে লেখা চিঠিতে শাস্ত্রীর পাশাপাশি ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণেরও শাস্তি দাবি করেছেন নায়েক। ভরতও নাকি শাস্ত্রীর মতোই অকথ্য গালিগালাজ করেছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের সহকারী কিউরেটর রমেশ মামুনকরকে। ভরতের বিরুদ্ধে নিজের সব ক্ষোভ উগরে দিয়ে সুধীর লিখেছেন, ‘কে এই ভরত অরুণ? তার এত স্পর্ধা কীভাবে হয়!’
বোর্ডের কাছে লেখা চিঠিতে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন সুধীর। তিনি লিখেছেন, ‘ম্যাচের প্রায় দশ দিন আগে সাধারণত টিম ম্যানেজমেন্টের কাছ থেকে চাহিদা অনুযায়ী উইকেট তৈরির একটা নির্দেশনা আসে। কিন্তু মুম্বাই ম্যাচের আগে ভারতীয় দল তাদের চাহিদার কথা কিছুই জানায়নি। ম্যাচের দুই-চার দিন আগে হঠাৎ করে টার্নিং উইকেট বানানোর একটা অনুরোধ এলেও সেটা রাখা যায়নি। কারণ তত দিনে উইকেট তৈরি হয়ে গেছে। তখন অনুরোধ আসে, গুড লেংথের জায়গাটাতে বেশি করে পানি দেওয়ার। সেই অনুরোধও রাখা যায়নি নৈতিক কারণে। বোর্ডের তরফ থেকেও ওই জায়গায় পানি না দেওয়ার ব্যাপারে কড়া করে বলে দেওয়া হয়েছিল।’
শাস্ত্রীর সঙ্গে আসলে সুধীরের কী হয়েছিল। বিসিসিআইয়ের কাছে লেখা চিঠিতে সেটাও উল্লেখ করেছেন ভারতের হয়ে সত্তরের দশকে টেস্ট ও ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার, ‘দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হওয়ার পরপরই শাস্ত্রী আমাকে লক্ষ্য করে বলে ওঠে, খুব ভালো উইকেট হয়েছে।’ আমি “ধন্যবাদ” বলতেই সে খেঁকিয়ে ওঠে। আমাকে গালি দিতে দিতে ঢুকে যায় সাজঘরে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।