শাস্ত্রীর সঙ্গে দ্রাবিড়কেও পেলেন কোহলিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শাস্ত্রী,দ্রাবিড়
শাস্ত্রী,দ্রাবিড়

অনেকেই মনে করছেন, দ্রাবিড়-জহিরকে কোচিং প্যানেলে ঢুকিয়ে আসলে শাস্ত্রীর একতরফা আধিপত্যই নিয়ন্ত্রণ করতে চাইছে উপদেষ্টা কমিটি

কোচ হওয়ার দৌড়ে রবি শাস্ত্রী এগিয়ে আছেন, এটা শুরু থেকেই শোনা যাচ্ছিল। তবে শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গড়া উপদেষ্টা কমিটি পাঁচজনের সাক্ষাৎকার নেওয়ার পর সামনে আসে বীরেন্দর শেবাগের নামটাও। সৌরভরা যদি শেবাগকে চেয়েও থাকেন, অধিনায়ক বিরাট কোহলির পছন্দকে গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত সেই শাস্ত্রীকেই ফিরিয়ে আনতে হলো কোচ হিসেবে।

তবে শাস্ত্রীকে প্রধান কোচ করা হলেও তাঁর সঙ্গে বোলিং কোচ হিসেবে জহির খান এবং বিদেশের মাটিতে সিরিজগুলোর জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে রাহুল দ্রাবিড়কে আনা হয়েছে। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের প্রশ্ন, এই সব তারকা একসঙ্গে মিলে কাজ করতে পারবেন তো? ক্রিকেট ধারাভাষ্যকার কলামিস্ট আয়াজ মেমন যেমন বলেই দিলেন, ‘বিসিসিআই কোচিং প্যানেলে এবার অনেক অস্ত্র যোগ করেছে। এত বড় বড় নাম থাকাটাই একটা সমস্যা হতে পারে।’

ব্যক্তিত্বের সংঘাতের প্রশ্ন কেন আসছে, সেটাও আন্দাজ করা যায়। এর আগে রবি শাস্ত্রী যখন টিম ডিরেক্টর ছিলেন, বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। সাধারণত প্রধান কোচ তাঁর পছন্দমতো সহকারীদের বেছে নেন। এ ক্ষেত্রেও মনে হচ্ছিল, শাস্ত্রী ফিরলে সঙ্গে ভরত অরুণও ফিরবেন। কিন্তু ক্রিকেট উপদেষ্টা কমিটি সেটা না করে বেছে নিয়েছে জহির খানকে। ওদিকে সঞ্জয় বাঙ্গার ব্যাটিং কোচ থাকার পরও বিদেশের মাটিতে সিরিজগুলোর জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে রাহুল দ্রাবিড়কে বেছে নেওয়ার সিদ্ধান্তটাও সৌরভদের কমিটিরই। সৌরভদের বেছে নেওয়া সহকারী কোচদের নিয়ে শাস্ত্রী সন্তুষ্ট কি না, সেই সংশয় তো থাকছেই। অনেকেই মনে করছেন, দ্রাবিড়-জহিরকে কোচিং প্যানেলে ঢুকিয়ে আসলে শাস্ত্রীর একতরফা আধিপত্যই নিয়ন্ত্রণ করতে চাইছে উপদেষ্টা কমিটি। এএফপি, এনডিটিভি।