শাহরিয়ার ও শামসুরের সেঞ্চুরি
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ফলোঅনে পড়েনি। শেষ দিনে নাটকীয় কিছু হয়নি বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ম্যাচেও। তাই নিরুত্তাপ ড্রয়েই শেষ হলো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচ দুটি।
কক্সবাজারের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে জয়ের জন্য ৫৮ ওভারে ৩৪৬ রান করতে হতো দক্ষিণাঞ্চলকে। কিন্তু দক্ষিণাঞ্চল কোনো ঝুঁকি নেয়নি, হেঁটেছে নিরাপদ পথেই। দলটির ওপেনার শাহরিয়ার নাফীস ইনিংসের ৪৮তম ওভারের প্রথম বলে চার মেরে তিন অঙ্ক ছুঁতেই ড্র মেনে নেয় দুই দল। দক্ষিণের রান সে সময় ২ উইকেটে ১৮২। শাহরিয়ার ১৪৭ বলে ১৪ চার ও ১ ছয়ে অপরাজিত ছিলেন ১০১ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাদশ সেঞ্চুরি করার পথে কাল ৬ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এর আগে ৩ উইকেটে ২৩৭ রান নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চল ৭ উইকেটে ৩৯০ রান তুলে ইনিংস ঘোষণা করে। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন (শান্ত) থেমেছেন ১২৬ রানে। ফিফটি পেয়েছেন অধিনায়ক নাঈম ইসলাম (৬৫) ও আরিফুল হক (৭১)। আরিফ সপ্তম উইকেটে সানজামুলকে নিয়ে ১৫.৫ বলেই যোগ করেছেন ১০৫ রান। আগের দিন বল হাতে ৬ উইকেট ও কাল ৩১ বলে ৩৬ করে ম্যাচসেরাও হয়েছেন সানজামুল।
দক্ষিণের অধিনায়ক রাজ্জাক ১৬৭ রানে ৩ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শিকারসংখ্যা নিয়ে গেছেন ৪১৭-এ। আর ২ উইকেট পেলেই এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক হবেন রাজ্জাক।
শেখ কামাল স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চল ফলোঅন এড়িয়েছে সাইফউদ্দিনের বীরত্বে। অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার ৮ নম্বরে নেমে অপরাজিত ছিলেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৭৭ রানে।
১৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা মধ্যাঞ্চল ৪ উইকেটে ১৯৯ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল। প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রয়োদশ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার শামসুর রহমান। ১৪৮ বলে ১১ চার ও ২ ছয়ে ১২৫ রানে অপরাজিত ছিলেন শামসুর। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরি জন্য ম্যাচসেরা মধ্যাঞ্চলের রকিবুল হাসান।