
মুঠোফোনের অপর প্রান্তে বড় হতাশ শোনাল শাহরিয়ার নাফীসের কণ্ঠ। এখনো যে নির্বাচকদের দৃষ্টির আড়ালে চলে যাননি, হাইপারফরম্যান্স ইউনিটের ব্যাটিং স্কোয়াডে নাম থাকায় সেটা কালই স্পষ্ট। এই আনন্দের সর্বোচ্চ উদ্যাপন হতে পারত সেঞ্চুরি দিয়ে। অথচ শাহরিয়ারকে কিনা থেমে যেতে হলো ৪ রান বাকি থাকতে! হতাশ হওয়াটাই স্বাভাবিক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একই ভাগ্য বরণ করতে হয়েছে মোহাম্মদ মিঠুনকেও। ৯৫ রানে বোল্ড হয়ে গেছেন আবুল হাসানের দুর্দান্ত এক বলে। ফ্লিক করতে গিয়ে মিস করেছেন বলের লাইন। দুজনই অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও তৃতীয় উইকেটে শাহরিয়ার-মিঠুনের ১৭৪ রানের জুটিতেই প্রথম ইনিংসে ৩৮৫ করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ওপেনার সাদমান ইসলামের অপরাজিত ৮৬ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের রান ৩ উইকেটে ১৫৯।
অফ স্পিনার আহমেদ সাদিকুরের লেগ স্টাম্পের বাইরের একটা বলে সুইপ খেলতে গিয়েছিলেন শাহরিয়ার। বল তাঁর ব্যাটে না লেগে লাগল থাই প্যাডের কোনায়। সেই বলটাই গড়িয়ে স্টাম্পে চলে গেল! ‘পেছনে তাকিয়ে দেখি মাত্র একটা বেল পড়েছে! এত কাছে গিয়ে সেঞ্চুরি না পেয়ে খুবই খারাপ লাগছে’—শাহরিয়ার যেন মানতেই পারছিলেন না।
প্রথম দিন শেষে ৭৯ রানে অপরাজিত ছিলেন শাহরিয়ার, মিঠুন ৮৮ রানে। গড়া হয়ে গিয়েছিল ১৬১ রানের জুটি। তবে কাল দিনের অষ্টম ওভারে মিঠুনের বিদায়ে মাত্র ১৩ রান যোগ হতেই শেষ ওই জুটি। মোসাদ্দেকের সঙ্গে শাহরিয়ারের পরের জুটিটি থেমে গেছে ৩১ রানে। এর পরই ধস নামে দক্ষিণাঞ্চলের ইনিংসে। ৩১৬ রানে পড়ে যায় তিন-তিনটি উইকেট। এক ওভারেই মোসাদ্দেক ও সৌম্যকে ড্রেসিংরুমে ফেরান বাঁহাতি স্পিনার নাজমুল অপু। পরের ওভারে আউট শাহরিয়ার। ৩ উইকেটে ৩১৬ থেকে স্কোর ৬ উইকেটে ৩১৬! সেই ধাক্কাটা আর সামলানো হয়নি। শেষ ৪ উইকেটে যে ৬৯ রান এসেছে, তাতে আবদুর রাজ্জাকের একার অবদানই ৩৫।
উদ্বোধনী জুটিতে সাদমান-লিটনের ৭৪ রানে শুরুটা ভালোই হয়েছিল পূর্বাঞ্চলের। ৭৪, ৭৮ ও ৯৩ রানে ৩ উইকেটের পতনে সাময়িক পথ হারালেও চতুর্থ উইকেটে সাদমান-অলক কাপালির অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটিতে হাসিমুখেই দিন শেষ করতে পেরেছে তারা। সাদমানের সঙ্গে ১৮ রানে অপরাজিত আছেন অলক।
মিরপুরে এক ইনিংসের খেলা
মাত্র ২ রানের জন্য মধ্যাঞ্চলের প্রথম ইনিংসকে ছুঁতে পারেনি উত্তরাঞ্চল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচেরই প্রতিশ্রুতি দিচ্ছে। প্রথম ইনিংসে মধ্যাঞ্চল করেছে ২৮৯, উত্তরাঞ্চল ২৮৭। এটি তাই এখন এক ইনিংসের ম্যাচ।
উত্তরাঞ্চলের ইনিংস যেভাবে এগোচ্ছিল, তাতে অবশ্য ২৮৭ রানেই তাদের খুশি থাকার কথা। ৬১ রানে ৪ উইকেট হারানো দলটা ৯৯ রানে হারায় অধিনায়ক নাসির হোসেনকেও (৩৪)। ১০০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েও যে স্কোরটা শেষ পর্যন্ত তিন শর কাছাকাছি গেল, এর মূল কৃতিত্ব সাব্বির রহমান (৭৫) ও ফরহাদ হোসেনের (৬৭)। ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি তাদের। অবদান আছে মুক্তার আলী (৪২) ও ফরহাদের অষ্টম উইকেট জুটিতে ৭৪ রানেরও।
১৯ ওভারে ৭৮ রানে ৫ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের অফ স্পিনার শুভাগত হোম চৌধুরী দিনের সেরা বোলার। পেসার শহীদ নিয়েছেন ৪ উইকেট। এর আগে ৫ উইকেট নিয়েছেন উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। আগের দিনই ৪ উইকেট নিয়েছিলেন, কাল জাবিদ হোসেনকেও বোল্ড করে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বাদশবারের মতো নিলেন ইনিংসে ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল, মিরপুর
মধ্যাঞ্চল: ৯২ ওভারে ২৮৯ (মাহমুদউল্লাহ ১১৩, মার্শাল ৮৭, শহীদ ৩২; তাইজুল ৫/১১৩, দেলোয়ার ২/৪২) ও ১২ ওভারে ২১/২ (মজিদ ১০*, মাহমুদউল্লাহ ৪*; দেলোয়ার ১/২, মাহমুদুল ১/৫)। উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৭১.৫ ওভারে ২৮৭ (সাব্বির ৭৫, ফরহাদ ৬৭, মুক্তার ৪২, নাসির ৩৪, জুনায়েদ ২৮; শুভাগত ৫/৭৮, শহীদুল ৪/৫৫, শহীদ ১/৪৭)।
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, চট্টগ্রাম
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১০৯.২ ওভারে ৩৮৫ (শাহরিয়ার ৯৬, মিঠুন ৯৫, ইমরুল ৫৬, এনামুল ৩৯, রাজ্জাক ৩৫; আবুল ৩/৩১, নাজমুল অপু ৩/৭৮, সাদিকুর ২/৮৩, অলক ১/১০, কামরুল ১/৬১)।
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৫০ ওভারে ১৫৯/৩ (সাদমান ৮৬*, লিটন ৩৮, অলক ১৮*; সোহাগ ২/৩৯, রাজ্জাক ১/৪২)।