শাহরিয়ার-রাব্বীর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার: ১৫৮*
শাহরিয়ার: ১৫৮*

এই হেমন্তে ঝুম বৃষ্টি! অবশ্য সব ভেন্যুতে নয়। জায়গাভেদে রং বদলেছে প্রকৃতির। কাল থেকে শুরু জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে বৃষ্টির দাপটে চট্টগ্রাম ও কক্সবাজারে টসই হতে পারেনি। তবে বগুড়া ও খুলনায় ছিল ভিন্ন দৃশ্য। পুরো দিন খেলা হয়েছে দুই ভেন্যুতেই। বগুড়ায় বরিশালের রানবন্যায় ভেসেছে চট্টগ্রাম। খুলনায় সিলেটের বিপক্ষে ছিল রাজশাহীর বোলারদের দাপট।
জাতীয় লিগে দারুণ ছন্দে রয়েছেন শাহরিয়ার নাফীস। তবে চারটি ফিফটি (৮০, ৭৫, ৬৭, ৫২) করলেও সেঞ্চুরির অতৃপ্তি ছিলই। এবার যেন ঘোষণা দিয়েই সেটা করে নিলেন বরিশালের বাঁহাতি ওপেনার। পঞ্চম রাউন্ড শেষেই বলেছিলেন শেষ রাউন্ডে সেঞ্চুরির চেষ্টা করবেন। প্রতিজ্ঞা পূরণ করেছেন শাহরিয়ার। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কাল চট্টগ্রামের বিপক্ষে খেলেছেন অপরাজিত ১৫৮ রানের ঝলমলে এক ইনিংস। হেসেছে ফজলে রাব্বীর ব্যাটও। শাহরিয়ারের সঙ্গে দিন শেষে বরিশাল অধিনায়ক অপরাজিত ১২৮ রানে।

রাব্বী ১২৮*
রাব্বী ১২৮*

দুজনের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ২৭০ রান। জাতীয় লিগে দ্বিতীয় উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১১-১২ মৌসুমে ঢাকা মহানগরের বিপক্ষে দ্বিতীয় উইকেটে রাজশাহীর জহুরুল ইসলাম-জুনায়েদ সিদ্দিক করেছিলেন ৩৪৫। শাহরিয়ার-রাব্বীর সামনে এখন জহুরুল-জুনায়েদের রেকর্ড ভাঙার হাতছানি। অবশ্য গত মৌসুমে এ জুটিই খুলনার বিপক্ষে করেছিল ২৩৮। এত দিন সেটাই ছিল দ্বিতীয় উইকেটে বরিশালের সর্বোচ্চ।
বগুড়ায় সারা দিনে মাত্র একটি উইকেট পড়লেও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের উইকেট ছিল বোলারদের স্বর্গভূমি। প্রথম দিনেই পড়েছে ১২ উইকেট। রাজশাহীর স্পিনারদের দাপটে প্রথম ইনিংসে সিলেট অলআউট মাত্র ১৭৬ রানে। ৯৫ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর দলের মুখরক্ষা করেছে এনামুল হক জুনিয়র-নাসুম আহমদের অষ্টম উইকেট জুটি। এ জুটিতে এসেছে ৬৩ রান। সর্বোচ্চ ৫৯ রান করেছেন ৯ নম্বর ব্যাটসম্যান নাসুম আহমেদ। রাজশাহীর পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার মঈনুল ইসলাম ও সানজামুল ইসলাম। ২ উইকেট ফরহাদ হোসেনের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহীও খানিকটা বিপাকে। ৩৯ রানেই পড়ে গিয়েছিল ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল-চট্টগ্রাম, বগুড়া
বরিশাল প্রথম ইনিংস: ৯০ ওভারে ৩২৩/১ (শাহরিয়ার ১৫৮*, রাব্বী ১২৮*, শাহীন ২৫; ডলার ১/৬৬, নাবিল ০/৫৯)।
সিলেট-রাজশাহী, খুলনা
সিলেট প্রথম ইনিংস: ৬০.৩ ওভারে ১৭৬ (নাসুম ৫৯, এজাজ ২০; মঈনুল ৩/২০, সানজামুল ৩/৩৯, ফরহাদ ২/৬১, নিহাদ ১/০)।
রাজশাহী প্রথম ইনিংস: ৮.১ ওভারে ৪২/২ (জুনায়েদ ২৯, ফরহাদ ১০*; ইমতিয়াজ ১/২, খালেদ ১/১৬)।