শাহরিয়ারের সফর ও বিসিবির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অনেক দিন ধরেই তৎপরতা চালাচ্ছে সে দেশের ক্রিকেট বোর্ড। মাঝখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রাজি করিয়েও বাংলাদেশ দলকে শেষ পর্যন্ত নিতে পারেনি পিসিবি। তবে চেষ্টা চলছেই। তারই অংশ হিসেবে ঈদের দিন ঢাকা ছুটে এসেছেন পিসিবি প্রধান শাহরিয়ার খান। বাংলাদেশ থেকে যেকোনো পর্যায়ের একটি দলকে পাকিস্তান নিতে ব্যাকুল তিনি। শীর্ষ দল না হলেও মহিলা দল, যুব দল এমনকি স্কুল দল পাঠালেও সেটিকে স্বাগত জানাতে তিনি প্রস্তুত।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ২০০৯ সাল থেকে। সে বছর লাহোরে শ্রীলঙ্কা দলের টিমবাসে সন্ত্রাসী হামলার পর আর কোনো দল পাকিস্তানে যেতে রাজি হয়নি। গত পাঁচ বছরের মধ্যে যেকোনো সময়ের চেয়ে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে এবং পাকিস্তানে খেললে নিরাপত্তা কোনো বাধা হবে না বলে বিসিবিকে আশ্বস্ত করে গেছেন পিসিবি প্রধান।
ঈদের পরদিন ঢাকার একটি পাঁচতারকা হোটেলে শাহরিয়ার খানের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে বিসিবির। তাতে বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছেন, আইসিসি ম্যাচ অফিশিয়াল পাঠালে বাংলাদেশ থেকে দল পাঠানোর ব্যাপারটা বিবেচনা করবেন। আইসিসি ম্যাচ অফিশিয়াল পাঠানো মানে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশয় থাকবে না। এর আগে নিরাপত্তাকে কারণ দেখিয়ে বাংলাদেশ দল পাকিস্তান যাবে বলেও শেষ পর্যন্ত যায়নি।
এরই জের ধরে বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের আসতে দেয়নি পিসিবি। ব্যাপারটা শাহরিয়ার খানের কাছে তোলেন বিসিবির কর্মকর্তারা। বিবিসির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এ প্রসঙ্গে জানালেন, ‘শাহরিয়ার খান ব্যাপারটা জেনে বললেন, এমন কিছু হওয়া উচিত নয়। বিপিএলে পাকিস্তানি খেলোয়াড় খেললে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন।’ জালাল ইউনুসের দেওয়া তথ্য, ‘আমরা পাকিস্তানকে প্রস্তাব দিয়েছি, নিরপেক্ষ ভেন্যু হিসেবে তারা বাংলাদেশকে ব্যবহার করতে পারে।’
এ সফরে শাহরিয়ার খানের আরেকটি লক্ষ্য ছিল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ক্রিকেট ঐক্য আরও সুদৃঢ় করা। তাই ঢাকা থেকে কাল তিনি গেছেন শ্রীলঙ্কা। এ সুযোগে পিসিবি প্রধানকে এই অঞ্চলের তিন দেশ মিলে ফ্রাঞ্চাইজি লিগ করার প্রস্তাব দিয়েছে বিসিবি, যা শুনে শাহরিয়ার খান ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন বলে খবর পাওয়া গেছে সভাসূত্রে।