শাহরুখকেও হারিয়ে দিলেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কোহলি এখন প্রধান চাহিদা ব্র্যান্ডগুলোর কাছে। ফাইল ছবি
বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কোহলি এখন প্রধান চাহিদা ব্র্যান্ডগুলোর কাছে। ফাইল ছবি

চলচ্চিত্র হিট হোক কিংবা ফ্লপ, ভারতে কিং এখনো একজনই। শাহরুখ খান। ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ডও এই অভিনেতা। যেকোনো পণ্যের প্রচারে শাহরুখকেই ভরসা মানে বড় বড় সব ব্র্যান্ড। তবে শাহরুখের রাজ্যপাট দখল করতে বসেছেন বিরাট কোহলি। ব্র্যান্ড মূল্যে শাহরুখকে টপকে ভারতের সেরা ব্র্যান্ড এখন ভারত অধিনায়ক। 

আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফেল্পস প্রতিবছর ১৫ জন তারকার একটি তালিকা বানায়। খুব সহজ একটি তালিকা, বিভিন্ন পণ্যের অ্যাম্বাসেডর হয়ে কে কত আয় করতে পারেন, তার সম্ভাব্য একটি হিসাব! তো সে হিসেব অনুযায়ী শাহরুখের বর্তমান মূল্য ১৪৩ মিলিয়ন ডলার। আর ভারতীয় ক্রিকেটকে স্বর্ণযুগ এনে দেওয়ার স্বপ্ন দেখানো কোহলির ব্র্যান্ড মূল্য এখন ১৪৪ মিলিয়ন ডলার।
এই অক্টোবরেই প্রকাশিত হয়েছিল ফোর্বস ফ্যাব ৪০। এ তালিকাতেও সবচেয়ে আয় করা ক্রীড়াবিদদের মধ্যে সাতে ছিলেন কোহলি—লিওনেল মেসিকেও টপকে গিয়েছিলেন কোহলি।
এ বিষয়ে ডাফ অ্যান্ড ফেল্পসের ব্যবস্থাপনা পরিচালক বরুণ গুপ্ত বলেছেন, ‘২০১৪ সালের পর এই প্রথম শীর্ষস্থান থেকে ছিটকে পড়লেন শাহরুখ খান। বিরাট কোহলি তাঁর জায়গাটা নিয়ে নিয়েছেন। ভোক্তাদের আকর্ষণ বাড়াতে ও আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন ব্র্যান্ডের প্রথম পছন্দ এখন কোহলি। মাঠের পারফরম্যান্স ও বাইরের কারিশমায় এ জায়গা নিয়েছেন তিনি।’
গত বছরও এ তালিকার দুইয়ে ছিলেন কোহলি। ৯২ মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্য ছিল ভারত অধিনায়কের, আর কিং খানের মূল্য ছিল ১৩১ মিলিয়ন ডলার। সদ্যই আনুশকা শর্মাকে বিয়ে করেছেন কোহলি। ব্যাট হাতেও যদি ফর্ম ধরে রাখতে পারেন, তবে ব্র্যান্ড মূল্যে শাহরুখের পক্ষে আর সম্ভব নয় কোহলিকে ধরা।