শাহাদাতের আক্ষেপ ভারত-দক্ষিণ আফ্রিকা নিয়ে

‘কেমন আছেন? ’ শাহাদাত হোসেনকে এ প্রশ্ন করা অযৌক্তিকই মনে হবে। একজন খেলোয়াড় মারাত্মক চোটাক্রান্ত। তিনি কেমন থাকবেন, নিশ্চয় অজানা নয়। তবুও সৌজন্যের খাতিরেই করা।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনেই চোটাক্রান্ত শাহাদতের জবাব, ‘এই তো, আছি...’ উত্তরের ভেতরই লুকিয়ে থাকে রাজ্যের হতাশা আর বিষণ্নতা। সেই হতাশা আরও বাড়িয়ে দেয়, যখন তোলা হয় আসন্ন দুটি সিরিজ প্রসঙ্গ।
ভারত-দক্ষিণ আফ্রিকা নাম শুনলেই শাহাদাতের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। কণ্ঠে ফিরে আসে পুরোনো উচ্ছ্বাস, ‘ভারতের বিপক্ষে টেস্টে আমি কিন্তু সব সময়ই ভালো বোলিং করেছি। অথচ ওদের বিপক্ষে এবার খেলতে পারব না। ভীষণ খারাপ লাগছে, অনেক মিস করব সিরিজটা।’
শাহাদাতের কথার যথার্থতা মেলে পরিসংখ্যানেই। ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল পেসার শাহাদাতই। ৩ টেস্টে পেয়েছেন ১২ উইকেট। শাহাদাতের ওপর কেবল রয়েছেন মোহাম্মদ রফিক। সাবেক এ বাঁহাতি স্পিনার ৫ টেস্টে নিয়েছেন ১৫ উইকেট। শাহাদতের সেরা বোলিং ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে। শাহাদাত ও সকিব আল হাসানের তোপে সেবার ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ২৪৩ রানে। শাহাদাত নিয়েছিলেন ৫ উইকেট। বাকি ৫টি সাকিবের।
ভারত সিরিজের পরেই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। শাহাদাতের আক্ষেপ বাড়িয়ে দিচ্ছে এ সিরিজটাও। চোটের কারণে হয়তো এ সিরিজও খেলা হবে না ডানহাতি পেসারের। অথচ প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শাহাদাতই। ৪ টেস্টে নিয়েছেন ১৫ উইকেট। বোলিং সাফল্যে শাহাদাতের পরে রয়েছেন মোহাম্মদ রফিক। ৪ টেস্টে নিয়েছেন ১২ উইকেট। দক্ষিণ আফ্রিকা-প্রসঙ্গ তুলতেই মৃদু হাসলেন, ‘ওদের বিপক্ষেই আমার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। ২০০৮ সালে ঢাকা টেস্টে এক ইনিংসে ৬ উইকেট আর ম্যাচে পেয়েছিলাম ৯ উইকেট। সব মনে আছে।’ পরমুহূর্তেই শাহাদাতের বুক চিড়ে বেরিয়ে এল দীর্ঘশ্বাস, ‘ওদের বিপক্ষেও এবার খেলা হবে না...’। জেনে থাকবেন, ওই টেস্টে শাহাদাতের তোপে প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১৭০ রানে।
এমনিতে উদার-হস্তে রান বিলানোয় শাহাদাতের বেশ ‘সুনাম’ আছে। তবে ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশ্চর্যরকম মিতব্যয়ী এ পেসার। ৩৮ টেস্ট খেলা শাহাদতের বোলিং গড় যেখানে ৫১.৮১, সেখানে ভারতের বিপক্ষে তাঁর গড় ২৬.৭৫ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭.৮৬। শাহাদাতের দুর্ভাগ্য, দুটো দলের বিপক্ষে তাঁর দুর্দান্ত বোলিংয়েও দল জিততে পারেনি কেবল ব্যাটসম্যানদের ব্যর্থতায়।
অবশ্য বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলা এ পেসারের ক্যারিয়ারে যতটা সাফল্য থাকার কথা ছিল, তা আছে কিনা, তা নিয়ে প্রশ্ন হতে পারে। পরিসংখ্যান শাহাদাতের বিপক্ষেই। ৩৮ টেস্টে পেয়েছেন ৭২ উইকেট। পারফরম্যান্সের গ্রাফটা একটু বেশিই ওঠা-নামা করেছে ক্যারিয়ারজুড়ে। দলে নিজের জায়গাটাও যে খুব শক্ত, তাও নয়। বিষয়টি স্বীকার করলেন নিজেও, ‘হ্যাঁ, পারফরম্যান্স সব সময় এক হয়নি।’ এর কারণ হিসেবে জানালেন, দলে নিয়মিত না খেলা।
কিন্তু তিনি তো পেসারদের মধ্যে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন। সেটাও মানছেন লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলা একমাত্র বাংলাদেশি পেসার, ‘হ্যাঁ, এটা ঠিক সবচেয়ে বেশি পেসার খেলা আমি। আসলে সবসময় চেষ্টা করেছি মাশরাফি ভাইয়ের পরেই থাকতে, ওনার মতো দীর্ঘদিন দলকে সেবা দিতে। তবে কখনো কখনো ভাগ্য আমার সঙ্গে ছিল না।’
শাহাদাত এখন দিন গুনছেন অস্ট্রেলিয়ায় যাওয়ার অপেক্ষায়। সব ঠিক থাকলে কদিন পরই যাবেন হাঁটুর অস্ত্রোপচার করতে মেলবোর্ন অর্থোপেডিক গ্রুপের বিখ্যাত শল্যবিদ ডেভিড ইয়াংয়ের সহকর্মী ডা. জনাথন বেয়ারের কাছে। অস্ত্রোপচার, পুনর্বাসন-সব মিলিয়ে কতদিন লাগতে পারে ফিরতে? বললেন, ‘বিষয়টা নির্ভর করছে আমার ওপর। অস্ত্রোপচারের পর রিহ্যাবের ওপরই সবকিছু নির্ভর করে। সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে রিহ্যাব করতে। সব ঠিক থাকলে হয়তো তিন মাস মতো লাগতে পারে।’
এ ক্ষেত্রে শাহাদত প্রেরণা মানছেন মাশরাফি বিন মুর্তজাকেই, ‘সব সময়ই মাশরাফি ভাইকে প্রেরণা মানি। পাঁচ-ছয়টা সার্জারির পরও খেলছেন তিনি। আমার সেখানে মাত্র একটা করাতে হচ্ছে। দোয়া করবেন, যাতে দ্রুত ফিরে আসতে পারি।’