শাহানুরের কীর্তি

এবারের জাতীয় লিগেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক শাহানুর রহমানের। সিলেটের অলরাউন্ডার দিন পনেরোর মধ্যেই দারুণ এক কীর্তিতে নিজের নাম লিখিয়ে ফেললেন।
ফতুল্লায় জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে পরশু প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা করেছেন শাহানুর। পরশুই আবার চট্টগ্রামের প্রথম ইনিংসে ৩ উইকেট তুলেছেন অফ স্পিন বোলিংয়ে। কাল আরও ২ উইকেট নিয়ে প্রথমবারের মতো ৫ উইকেটও পেয়ে গেলেন। আর তাতেই জাতীয় লিগের ১৮ বছরের ইতিহাসে সংক্ষিপ্ত এক তালিকায় তাঁর নাম উঠে গেল।
জাতীয় লিগে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার সপ্তম কীর্তি গড়লেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৮টি যুব ওয়ানডে খেলা এই ক্রিকেটার। অলরাউন্ড এই কীর্তিতে যে ছোট্ট একটি তালিকায় তাঁর নাম উঠে গেছে সেটা কাল রাতে জেনেছেন শাহানুর। একদিন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা ২০ বছর বয়সী অলরাউন্ডার বেশ আপ্লুত নিজের কীর্তিতে, ‘অনেক ভালো লাগছে। এবারই প্রথম খেলছি জাতীয় লিগে। তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি ও ৫ উইকেট পেয়ে গেলাম। স্বপ্ন দেখি ভালো খেলেই একদিন জাতীয় দলে সুযোগ পাব।’
চট্টগ্রামকে ৩১৫ রানে অলআউট করে প্রথম ইনিংসে ১২৯ রানের লিড নেয় শাহানুরের সিলেট। এরপর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৪ রান তুলে তৃতীয় দিন শেষে ২০৩ রানে এগিয়ে গেছে সিলেট।
৫ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রামের ইনিংসে সর্বোচ্চ ৯৫ রান করেছেন ইয়াসির আলী। ২১ ম্যাচের ক্যারিয়ারে ইয়াসিরের সর্বোচ্চ ইনিংস এটাই। এ ছাড়া ৫৬ রান করেছেন সপ্তম উইকেটে ইয়াসিরের সঙ্গে ১১১ রান যোগ করা সাইফউদ্দিন।
বিকেএসপিতে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে রাজশাহীর প্রথম ইনিংসের চেয়ে এখনো ২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তোলা রংপুর। এর আগে ২৬৮ রানে অলআউট হয়ে প্রথম ইনিংসে ৩৪ রানের লিড নেয় রাজশাহী। প্রথম শ্রেণির ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পেয়েছেন জুনায়েদ সিদ্দিক। জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান ১২৬ রান করার পথে ৫ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন।
কক্সবাজারে প্রথম স্তরের দুটি ম্যাচই পড়েছে বৃষ্টির খপ্পরে। কাল তৃতীয় দিনে দুই ম্যাচের কোনোটিকেই একটি বলও মাঠে গড়াতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর-রাজশাহী, বিকেএসপি
রংপুর: ২৩৪ ও ১৬ ওভারে ৩২/০ (সায়মন ২০*, জাহিদ ১০*)। রাজশাহী ১ম ইনিংস: ৮২.৪ ওভারে ২৬৮ (জুনায়েদ ১২৬, সানজামুল ৪০; সাদ্দাম ৪/৪৬, আরিফুল ২/৪৯, শুভাশিস ২/৫৮, সাজেদুল ২/৬৩)।
সিলেট-চট্টগ্রাম, ফতুল্লা
সিলেট: ৪৪৪ ও ২৩ ওভারে ৭৪/২ (সায়েম ২৬, জাকির ২১*; আরিফ ১/২৫, ইফতেখার ১/২৭)। চট্টগ্রাম ১ম ইনিংস: ১০১.২ ওভারে ৩১৫ (ইয়াসির ৯৫, তাসামুল ৫৭, সাইফউদ্দিন ৫৬, ইফতেখার ৩৬; শাহানুর ৫/৬৬, এনামুল জু. ৩/৫৪)।
জাতীয় লিগে এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট
ব্যাটিং বোলিং ম্যাচ ভেন্যু মৌসুম
১৩১ ও ০ ২/৮০ ও ৫/৯১ মনজুর আখতার বিমান-খুলনা বিকেএসপি ২০০০-০১
১৫৭ ও ১১ ৭/৯৯ মোহাম্মদ আশরাফুল ঢাকা মহানগর-চট্টগ্রাম ঢাকা ২০০০-০১
১১৪ ও ৫৭ ৫/৫৮ ও ১/৪৩ মোহাম্মদ আশরাফুল ঢাকা বিভাগ-রাজশাহী ফতুল্লা ২০০৪-০৫
১০৭ ও ০ ১/২৩ ও ৬/৯০ মার্শাল আইয়ুব বরিশাল-সিলেট বরিশাল ২০০৫-০৬
১৫১ ৬/৪৭ ও ১/৫৩ মানজারুল রানা খুলনা-চট্টগ্রাম খুলনা ২০০৬-০৭
১১৯ ও ২১ ২/১২৬ ও ৭/৭৯ সোহাগ গাজী বরিশাল-খুলনা খুলনা ২০১২-১৩
১০২ ৫/৬৬ শাহানুর রহমান সিলেট-চট্টগ্রাম ফতুল্লা ২০১৬-১৭