শাহিন আফ্রিদির চুল কেটে দিলেন ‘সুপারম্যান’ রিজওয়ান

শাহিন শাহের সঙ্গে রিজওয়ানছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট কিপিং করেন, দলের প্রয়োজনে জ্বলে ওঠে তাঁর ব্যাটও। আর কী কী করতে পারেন মোহাম্মদ রিজওয়ান?


শাহিন শাহ আফ্রিদির কল্যাণে জানা গেল সেটাও। জানা গেল, দরকার পড়লে নাপিতের ভূমিকায়ও দেখা যেতে পারে রিজওয়ানকে!

হ্যাঁ, ব্যাট বা গ্লাভস নয়, এবার রিজওয়ান তুলে নিলেন কাঁচি আর চিরুনি। সতীর্থ শাহিন শাহ আফ্রিদির চুল কেটে দিতে দেখা গেল তাঁকে। তিন সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেল নিবিষ্ট মনে চেয়ারে বসে থাকা শাহিন আফ্রিদির চুল কেটে দিচ্ছেন রিজওয়ান।


নিশ্চয়ই ভালোভাবে কেটেছেন, না হয় শাহিন তাঁকে সুপারম্যানের সঙ্গে তুলনা করবেন কেন? ক্যাপশনে শাহিন লিখেছেন, ‘এমন কিছু কি আছে, যা রিজওয়ান করতে পারে না? শতক হাঁকিয়ে করাচি টেস্ট বাঁচানো রিজওয়ানের প্রতিভার কোনো শেষ নেই। চুল কেটে দেওয়ার জন্য ধন্যবাদ সুপারম্যান! দুর্দান্ত করেছ!’

ওদিকে শাহিন আফ্রিদির সঙ্গে একমত হয়ে পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানও টুইট করেছেন রিজওয়ানকে নিয়ে। চার ভূমিকায় রিজওয়ানের চার ছবি কোলাজ করে পোস্ট করেছেন শাদাব। ক্যাপশন দিয়েছেন, ‘ব্যাটসম্যান, উইকেটকিপার, বন্ধু, নাপিত, কিংবদন্তি —মোহাম্মদ রিজওয়ান!’


বাবর আজমের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে করাচি টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ ড্র করতে সাহায্য করেছেন রিজওয়ান। বাবর ১৯৬ রান করে আউট হয়ে গেলেও ১০৪ রানে অপরাজিত থেকে রিজওয়ান নিশ্চিত করেছেন, কোনোভাবেই কামিন্সদের কাছে ম্যাচ হারছে না পাকিস্তান।

বাবর-রিজওয়ানদের এই মহাকাব্য সেদিন মন জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসেরও। বাবর ও রিজওয়ানের একে অন্যকে আলিঙ্গনে বাঁধার একটা ভিডিও দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটে শুধু ‘ওরা দুজন’ লিখে পাশে ভালোবাসার ইমোজি দিয়েছিল। সেটি রিটুইট করে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লিখেছেন, ‘প্রতিভার কী দারুণ প্রদর্শনীই না রেখে যাচ্ছেন দুজন! বিশ্ব ক্রিকেটের ভাগ্য যে এমন খেলোয়াড়দের দেখার সুযোগ মিলছে।’


পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই দুর্দান্ত খেলছেন রিজওয়ান। এর মধ্যেই ২১ টেস্ট, ৪১ ওয়ানডে ও ৫৫টি-টোয়েন্টি খেলে ফেলেছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।