শিক্ষাদূত গিলি
দেশের প্রতিনিধিত্ব কম করেননি। অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন অনেক দিন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান আবার প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন অস্ট্রেলিয়ার। না, ক্রিকেট মাঠে নয়, গিলিকে শিক্ষাদূত করে ভারতে পাঠাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। কাল অস্ট্রেলিয়ার সরকারের হয়ে ঘোষণাটি দিয়েছেন দেশটির শিক্ষা ও প্রশিক্ষণমন্ত্রী ক্রিস্টোফার পাইন। আর ২৪ আগস্ট নয়াদিল্লিতে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় শিক্ষা সম্মেলনে দিয়েই দূত হিসেবে কাজ শুরু করবেন গিলক্রিস্ট। ক্রিকেটার হিসেবে ক্রিকেটপাগল ভারতে গিলক্রিস্টের পরিচিতিই শিক্ষাদূত মনোনয়নে বড় ভূমিকা রেখেছে। গিলক্রিস্টের কাজ হবে দুই দেশের শিক্ষা খাতে সম্পর্কের উন্নয়ন। বিশেষ করে ভারতীয়রা যাতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে পারে, সেই দিকটাই দেখবেন গিলক্রিস্ট। গিলি অবশ্য অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার নামী এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদূত। টাইমস অব ইন্ডিয়া।