ইংলিশ ক্রিকেটে জো রুট এসেছিলেন অনেক সৌরভ ছড়ানোর প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু গত বছর দুঃস্বপ্নের অ্যাশেজের পঞ্চম টেস্টে দল থেকে বাদ পড়েন। এই ধাক্কাটা খাওয়ার পর থেকেই তাঁর ব্যাট ক্রমেই চওড়া হয়েছে। পরশু গ্রেনাডা টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি করে বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন ইংল্যান্ডকে। উইকেটে সঙ্গী না পাওয়ায় রুট সেঞ্চুরিটিকে কাল ডাবল সেঞ্চুরির রূপ দিতে না পারলেও বড় রানই করেছে ইংল্যান্ড। ৬ উইকেটে ৩৭৩ রান নিয়ে গতকাল খেলা শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৪৬৪ রান। রুট করেছেন অপরাজিত ১৮২। এ রিপোর্ট লেখা প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে স্মিথকে (২) হারিয়ে তুলেছে ১৩৮ রান। ব্রাফেট ৬৮ ও ব্রাভো ৬৩ রানে ব্যাট করছিলেন।
জুনে শ্রীলঙ্কার সঙ্গে দলে ফেরার পর রুট এখন পর্যন্ত এক হাজারেরও বেশি রান করে ফেলেছেন। গড় ১০৩.৭০! এই নিয়ে সর্বশেষ ছয় ইনিংসেই অন্তত ৫০ রান করলেন। ইংল্যান্ডের পক্ষে এই কীর্তি আছে শুধু প্যাটসি হেনড্রেন, কেন ব্যারিংটন ও টেড ডেক্সটারের। সব মিলিয়ে টেস্টে টানা সাতটির বেশি ফিফটি করতে পারেননি কেউ। দ্বিতীয় ইনিংসে ফিফটি করলেই রুট বসে যাবেন এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, শিবনারায়ণ চন্দরপলদের মতো মহারথীদের সঙ্গে। পরশু ১৬৫ বলে করেছিলেন ১১৮। কাল অবশ্য একটু সংযত ছিলেন উইকেটে। ১৮২ করেছেন ২২৯ বলে। ১৭টি চার ও ৪টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। ক্রিকইনফো।