শিগগিরই ধোনির হাত থেকে 'মুক্তি' নেই

ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশ অধ্যায়টা অনেকভাবেই মনে থাকবে মহেন্দ্র সিং ধোনির। ক্যারিয়ারের শুরু এখানে, আনন্দ-হতাশার অনেক উপলক্ষও পেয়েছেন এখানে খেলতে এসে। তবে ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক সম্ভবত অধ্যায়টির শেষ পাতা লিখছেন এবার। রোববার এশিয়া কাপের ফাইনালই হয়ে যেতে পারে ৩৪ বছর বয়সী ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের শেষ বাংলাদেশ সফর।
তবে ধোনি নিজে তেমনটি মানছেন না। এশিয়া কাপে সর্বশেষ সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই এশিয়া কাপই কি বাংলাদেশে তাঁর শেষ সফর কি না? উত্তরে ভারত অধিনায়কের সরস উত্তর, ‘এত তাড়াতাড়ি নিজেকে মুক্তি দিচ্ছি না। আরও কয়েকবার আমার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এটাই একমাত্র সময় যখন আমার উত্তরের চেয়ে প্রশ্নটাই অনেক বড় হয়।’
শেষ কথাটিকে কিছুটা শ্লেষ ধরে নিতে পারেন। সর্বশেষ এক বছর ধরে ধোনির সংবাদ সম্মেলনে প্রশ্নটার যেন বাধ্যতামূলক উপস্থিতি। বয়স হয়ে গেছে ৩৪, তাঁর অবসর নিয়ে জল্পনা-কল্পনাও থামছে না। এশিয়া কাপ খেলতে ভারত ছাড়ার আগেই কলকাতা বিমানবন্দরে একবার মুখোমুখি হয়েছিলেন প্রশ্নটার। তখন অবশ্য ভারতীয় সাংবাদিকদের ওপর একটু বিরক্তই হয়েই উত্তর দিয়েছিলেন ধোনি, “১৫ দিন বা এক মাস আগে যদি যা উত্তর দিয়েছি, সেটি বদলাবে না। কোথায় বলেছি সেটা ব্যাপার নয়। উত্তর সব সময় একই থাকবে। এটা ‘আপনার নাম কী’-র উত্তরে ‘মহেন্দ্র সিং ধোনি’ বলার মতোই ব্যাপার। যত দিন পর্যন্ত না নতুন প্রশ্ন করছেন, উত্তরটাও একই থাকবে।”
তাতে অবশ্য সাংবাদিকদের বিরাম নেই। একই প্রশ্ন করেই যাচ্ছেন কেউ না কেউ। কৃতিত্বটা ধোনিরই। নিজের রসবোধ দিয়ে একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিয়ে চলেছেন। কেজ জানে, প্রশ্নটা আসবে জেনেই সংবাদ সম্মেলনের আগে এর উত্তর ধোনি ভেবে রাখেন কি না! সূত্র: জি নিউজ।