শিগগিরই পাকিস্তান দলে নয়!
স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মোহাম্মদ আমিরের ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি মিলেছে গত জানুয়ারিতে। নিষিদ্ধ হয়েছিলেন আর যে দুই সঙ্গীকে নিয়ে, সেই মোহাম্মদ আসিফ ও সালমান বাট ফিরতে যাচ্ছেন ২ সেপ্টেম্বর থেকে। তবে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্নটা শিগগিরই পূরণ হচ্ছে না এঁদের।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হারুন রশিদ গতকাল নিশ্চিত করেছেন, অক্টোবরে আরব আমিরাতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ এবং ভারতের সঙ্গে প্রস্তাবিত সিরিজ দুটির জন্য বিবেচনায় থাকছেন না আমির, আসিফ ও বাট। পিসিবির যথাযথ নির্দেশনা না পাওয়া পর্যন্ত যেকোনো পর্যায়ের ক্রিকেটে এই তিনজনের ফেরার ক্ষেত্রে কোনো সময়সীমাও বেঁধে দিতে পারছেন না তিনি।
আইসিসির সংশোধিত আচরণবিধির কারণে মোহাম্মদ আমির নিষেধাজ্ঞা শেষ হওয়ার ছয় মাস আগ থেকেই ঘরোয়া লিগে খেলার সুযোগ পেয়েছেন। সালমান বাট ও আসিফের ফেরার কথা সেপ্টেম্বরে শুরু হওয়া জাতীয় টি-টোয়েন্টি লিগে যথাক্রমে লাহোর ও শিয়ালকোটের হয়ে। তবে পিসিবি এখনো এই দুজনের টুর্নামেন্টটিতে অংশগ্রহণের অনুমতি দেয়নি।
ঘরোয়া ক্রিকেটে ফিরলেও এখনই জাতীয় দলের জন্য এঁদের বিবেচনা করছেন না হারুন রশিদ, ‘পাঁচ বছর ক্রিকেটের বাইরে থাকা খেলোয়াড়কে অল্প কিছু ম্যাচের পারফরম্যান্স দিয়েই বিবেচনা করা যায় না।’ এএফপি।