শিবসেনার তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু একটু করে মিলিয়ে যাচ্ছিল ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা। সেটি আসলে হওয়ার কথা ছিল ডিসেম্বরেই, কাল মুম্বাইয়ে বিসিসিআই-পিসিবির দুই সভাপতির বৈঠকের পর হয়তো সিরিজের পালে একটু হাওয়া লাগতে পারত। কিন্তু কট্টরপন্থী রাজনৈতিক দল শিবসেনার তাণ্ডবে যে কালকের বৈঠকটিই ভেস্তে গেছে! মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয় ঘেরাও করেই বৈঠক বানচাল করে দিয়েছে ভারতের এই হিন্দুত্ববাদী সংগঠন।

মুম্বাইয়ে কাল যেটা হয়েছে, সেটা নজিরবিহীন। বিসিসিআইয়ের কার্যালয়ে ঢুকে পড়ে শিবসেনার প্রায় ৫০ জন কর্মী। বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের কক্ষে ঢুকে স্লোগানও দিতে শুরু করে। ‘শাহরিয়ার, ফিরে যাও’, ‘পাকিস্তানকে আমরা চাই না’—এমন বিক্ষোভের সামনে জবুথবু হয়ে বসে ছিলেন বিসিসিআইয়ের নতুন সভাপতি। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, তাঁরা ছয়জন শিবসেনা কর্মীকে পুলিশি হেফাজতে নিয়েছেন। আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০০৭ সালের পর ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ আর হয়নি। ডিসেম্বরের সিরিজটির জন্য অনেক দিন থেকেই দেনদরবার করে আসছিল পিসিবি। কিন্তু দুই দেশের সীমান্ত সংঘর্ষের কারণে একরকম অনিশ্চিতই হয়ে পড়েছিল সিরিজের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত মনোহরের আমন্ত্রণে পরশু ভারতে আসেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান ও প্রধান নির্বাহী নাজাম শেঠি। কাল বৈঠকে বরফ অনেকটা গলবে বলেও আশা করেছিল পিসিবি। কিন্তু বৈঠকই তো আর হলো না! দিল্লিতে অবশ্য আজ সেটি হওয়ার কথা। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, ‘সংলাপ বাতিল করা হয়নি। কাল (আজ) দিল্লিতে দুই সভাপতি বসবেন। কোনোভাবেই সংলাপ বন্ধ করা যাবে না। বিসিসিআই জাতীয় স্বার্থে কখনো আপস করেনি।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় বৈঠক আয়োজনের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন।

ভারতের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ক্রিকেটের মাধ্যমে শিবসেনা উত্তেজনা ছড়াচ্ছে, এমন একটা অভিযোগ আছে। ক্রিকেটকে রাজনীতির বোর্ডে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার অবশ্য আগেও করেছে শিবসেনা। ১৯৯১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বা ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলার পিচ ক্ষতবিক্ষত হয়েছিল তাদের তাণ্ডবে।

ঘটনাচক্রে আইসিসির সভাপতি এখন একজন পাকিস্তানি—জহির আব্বাস। এ বিষয়টি নিয়ে বড় শঙ্কাই জাগছে তাঁর মনে। এনডিটিভিকে সর্বোচ্চ ক্রিকেট সংস্থাটির সভাপতি বলেছেন, ‘পাকিস্তান ও ভারতের ক্রিকেট কর্তৃপক্ষকেই একসঙ্গে বসে বিষয়টির সুরাহা করতে হবে। তা না হলে পাকিস্তানি খেলোয়াড়েরা নিরাপত্তাগত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফরে যেতে অস্বীকৃতিও জানাতে পারে।’

শিবসেনার তাণ্ডবের প্রভাব পড়ছে চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও। প্রথম তিনটি ওয়ানডেতে দায়িত্ব পালন করা আম্পায়ার আলিম দারকে সিরিজের শেষ দুটি ওয়ানডে থেকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। ২২ ও ২৫ অক্টোবর চেন্নাই ও মুম্বাইয়ে হবে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে। এএফপি, এনডিটিভি, জি-নিউজ।