শিবসেনা-কাণ্ডে হতাশ আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসি সভাপতি জহির আব্বাস
আইসিসি সভাপতি জহির আব্বাস

ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার আবেদনটা অনেক পুরোনো। কিন্তু জনপ্রিয় এই খেলাটি রাজনীতির বাইরে রাখা যাচ্ছে কই! মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট
বোর্ডের (বিসিসিআই) কার্যালয়ে কট্টরপন্থী সংগঠন শিবসেনার কর্মীদের বিক্ষোভ রাজনীতিকে আবারও দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটের মুখোমুখি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ব্যাপারটা ভালো চোখে দেখেনি। নজিরবিহীন এই ঘটনায় হতাশাই ঝরেছে তাদের কণ্ঠে।
বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গে সোমবার সকালেই বৈঠকে বসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান ও পিসিবির কার্যনির্বাহী পরিষদের প্রধান নজম শেঠির। বহু-প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের ভাগ্য নির্ধারণের লক্ষ্যে আয়োজিত যে বৈঠক, তাতেই কট্টরপন্থী রাজনৈতিক সংগঠনের হুংকার। পাকিস্তানের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্কেরই ঘোর বিরোধী তারা। ক্রিকেটও এর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্ল্যাকার্ড-ট্যাকার্ড নিয়ে, স্লোগানে প্রকম্পিত করে রীতিমতো ভীতিকর পরিস্থিতিরই সৃষ্টি করা হয়েছে বিসিসিআই কার্যালয়ে। আইসিসি সভাপতি জহির আব্বাস আবারও সেই পুরোনো আপ্তবাক্যই মনে করিয়ে দিয়েছেন সবাইকে, ‘ক্রিকেট আর রাজনীতি দুটি ভিন্ন জিনিস। এই দুটোকে আলাদা করে দেখাই উচিত।’
সাবেক পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ভারত-পাকিস্তান রাজনীতির আপাদ-মস্তক তাঁর জানা। সে কারণেই তাঁর হতাশার মাত্রাটা বোধ হয় একটু বেশিই, ‘এটা কোনো নতুন ঘটনা নয়। দীর্ঘ দিন ধরেই তো এসব ঘটতে দেখছি। কিন্তু আইসিসির সভাপতি হিসেবে আমার লক্ষ্য ক্রিকেট খেলাটাকে যতোটা সম্ভব ছড়িয়ে দেওয়া। ভারত-পাকিস্তান লড়াই ক্রিকেটকে সমৃদ্ধই করবে। এর ক্ষতি করবে না।’
জহির ভেবে পাচ্ছেন না নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজে সমস্যা কোথায়, ‘আমি জানি না। পাকিস্তান তো আর তাদের মাটিতে ক্রিকেট সিরিজ খেলতে ভারতকে ডাকছে না। খেলাটা হবে নিরপেক্ষ কোনো জায়গায়।’
ভারত-পাকিস্তান সিরিজ ক্রিকেটপ্রেমীদের কাছে বহু আরাধ্য এক সিরিজ হিসেবেই মনে করেন আইসিসি, সভাপাতি, ‘পুরো ক্রিকেট দুনিয়া এই সিরিজের জন্য অপেক্ষা করে আছে। ভারত আর পাকিস্তান ক্রিকেট মাঠে একে অন্যের সঙ্গে লড়াই করছে, এর চেয়ে আনন্দদায়ক ব্যাপার আর কী হতে পারে! ভারতের কাছ থেকে এই সিরিজের ব্যাপারে সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা একটা শুভ সংবাদই শুনতে চায়।’ সূত্র: পিটিআই।