শিরোপা গেল প্রাইম ব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব l প্রথম আলো
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব l প্রথম আলো

শেষ ম্যাচটা জেতো, কোনো হিসাব-নিকাশের অবকাশ না রেখে জিতে নাও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা। পরশু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব করল সেটাই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েই প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো দলটি।
পরশু প্রাইম ব্যাংক শিরোপার সুবাস গায়ে মেখেই যায় মধ্যাহ্নবিরতিতে। টস হেরে ব্যাটিং করা আবাহনী যে ৪৪.২ ওভারেই অলআউট ১৬০ রানে! ১৬১ রানের লক্ষ্যটা মাত্র ২৭.৩ ওভারেই পেরিয়ে যায় প্রাইম ব্যাংক। জয়ের সঙ্গে দূরত্ব মাত্র ৬ রান, তখন সৌম্য সরকার আউট না হলে ১০ উইকেটেই জিতত ঢাকার শীর্ষ ক্রিকেট লিগের অষ্টম চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা ৯৭ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেই উদ্যাপন করেছেন ম্যাচসেরা সৌম্য। ৯১ বলে ৯৭ রান, ৭ চারের সঙ্গে ৭ ছক্কা; স্মরণীয় এক দিনে এই বাঁহাতি ওপেনারের যা একটু আক্ষেপ সেঞ্চুরিটা না পাওয়া। আবাহনীর অনিয়মিত বোলার আবদুল মজিদকে ছক্কা মেরেই দলের জয় ও সেঞ্চুরি নিশ্চিত করতে গিয়েছিলেন, কিন্তু ধরা পড়ে যান বদলি ফিল্ডার সুব্রত সরকারের হাতে। ১৫৫ রানের উদ্বোধনী জুটির অংশীদার সৈকত আলী অপরাজিত থাকেন ৫৮ রানে (৭২ বল)।
এর আগে ১২২ রানে নাসির হোসেনের (৫৫ রান) বিদায়ের পর আবাহনী শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩৮ রানে। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৫০ গড়ে ৫৫০ রান—লিগের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গেলেন নাসির।
বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে মোহামেডানকে ৩ উইকেটে হারিয়ে রানার্সআপ হয়েছে প্রাইম দোলেশ্বর। মোহামেডান করেছিল ২২০, সর্বোচ্চ ৪৫ রান ওপেনার মোহাম্মদ মিঠুনের। প্রাইম ব্যাংকের পা হড়কানোর অপেক্ষায় থাকা দোলেশ্বর জয় পায় ৭ বল হাতে রেখে। ফিফটি পেয়েছেন দলের দুই ওপেনার মেহেদী মারুফ (৫৮) ও রনি তালুকদার (৬৩)। লিগে সবচেয়ে বেশি ৭১৪ রানের
মালিক রনির এটি পঞ্চম পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
দিনের সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন এনামুল হক (বিজয়)। ফতুল্লায় জাতীয় দলের এই ব্যাটসম্যানের অপরাজিত ১৫০ রানের (১৪৬ বল) ইনিংসেই ৪৫ ওভারে ৩ উইকেটে ২৮৮ রান করে কলাবাগান ক্রিকেট একাডেমি। লিস্ট ‘এ’ ম্যাচে এনামুলের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি সাজানো ৭ চার ও ১০ ছক্কায়। জবাবে রূপগঞ্জ করতে পারে ২৫০ রান।
৩৮ রানের এই জয়ে কলাবাগান একাডেমি হয়েছে চতুর্থ। পয়েন্ট ও মুখোমুখি লড়াইয়ের হিসেবে সমতায় থাকলেও রানরেটে এগিয়ে আবাহনী হয়েছে তৃতীয়। দুদলেরই পয়েন্ট ২০। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান লিগ শেষ করল পঞ্চম স্থানে থেকে। সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ লিজেন্ডস অব রূপগঞ্জ।