শিরোপা লড়াইয়ে তিন দল
এবারও শেষ রাউন্ডেই গড়াল জাতীয় লিগের শিরোপা-যুদ্ধ। শেষ রাউন্ডে প্রথম স্তরে জমজমাট ত্রিমুখী শিরোপা লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে কাল শেষ হলো পঞ্চম রাউন্ড। জাতীয় ক্রিকেট লিগের সপ্তদশ আসরে ত্রিমুখী শিরোপা লড়াইয়ে আছে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর।
কাল ঢাকা বিভাগের সঙ্গে ড্র করায় নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর থাকছে না চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। শেষ রাউন্ডে খুলনার বিপক্ষে রংপুরকে লড়তে হবে অবনমন বাঁচানোর প্রায় অসম্ভব লক্ষ্য নিয়ে। শেষ রাউন্ডে রংপুরকে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের ম্যাচের ফলের দিকে।
পঞ্চম রাউন্ডে প্রথম স্তরের দুটি ম্যাচই ড্র হয়েছে। বগুড়ায় দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়েছে ঢাকা বিভাগ। ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছিল দলটিকে। তৃতীয় দিন শেষে রংপুরের একমাত্র ইনিংস থেকে ১৫৩ রানে পিছিয়ে ছিল ঢাকা। ১ উইকেটে ৩৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ঢাকা বিভাগ আর মাত্র ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল।
ঢাকার পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন তিন নম্বর ব্যাটসম্যান সাঈফ হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানের এটা সর্বোচ্চ ইনিংস। তৃতীয় উইকেটে রকিবুল হাসানকে নিয়ে ১১৬ রান যোগ করেন আগামী পরশু ১৭-তে পা দিতে যাওয়া সাঈফ। রকিবুল করেছেন ৪২। পরে নাদিফ চৌধুরী অপরাজিত ছিলেন ৫৮ রান করে।
ফতুল্লায় খুলনা ও ঢাকা মহানগর ড্র মেনে নিয়েছে শেষ দিনের চা-বিরতির ঘণ্টা খানেক পরেই। জয়ের জন্য এক সেশনের সামান্য কিছু বেশি সময়ে ২৯৫ রান করার লক্ষ্য পেয়েছিল খুলনা। দলটি কোনো চেষ্টাই করেনি ‘অসম্ভবের’ পেছনে ছোটার। এর আগে ৫ উইকেটে ১২২ রান নিয়ে দিন শুরু করা ঢাকা মহানগর অলআউট হওয়ার আগে যোগ করেছে আরও ১৪০ রান।
দিনের সবচেয়ে জমজমাট ম্যাচটি হয়েছে চট্টগ্রামে। দ্বিতীয় স্তরের ম্যাচটিতে জয়ের জন্য ৬০ ওভারে ২৬০ রান দরকার ছিল সিলেটের। ৭.৪ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সিলেট। উদ্বোধনী জুটিতে ১৪০ রান তুলে জয়ের ভিত্তি গড়ে দেন ইমতিয়াজ হোসেন ও শানাজ আহমেদ। দুজনই ফিফটি পেয়েছেন, ফিফটি করেছেন তিন নম্বর ব্যাটসম্যান জাকির হাসানও। দিনে চট্টগ্রামের একমাত্র অর্জন শানাজকে আউট করে নাবিল সামাদের ৩০০তম উইকেট প্রাপ্তি।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম
চট্টগ্রাম: ২৭০ ও ১০৯.৫ ওভারে ২৭২ (ইয়াসির ৮১, তাসামুল ৭৭, নাফিস ৩৭, ডলার ৩১; রাহাতুল ৪/৭২, এনামুল জু. ২/৭৫)।
সিলেট: ২৮৩ ও ৫২.২ ওভারে ২৬৪/৫ (শানাজ ৭৬, ইমতিয়াজ ৭৪, জাকির ৫৫; নাবিল ৩/৭১)।
ফল: সিলেট ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শানাজ আহমেদ (সিলেট)।
ঢাকা মহানগর-খুলনা, ফতুল্লা
ঢাকা মহানগর: ৩৯৯ ও ১০৭.৫ ওভারে ২৬২ (শরীফউল্লাহ ৬৭, মারুফ ৪৪, শামসুর ৪২, আসিফ ৩২; মিরাজ ৩/৫৮, রাজ্জাক ৩/১৩৬, বক্কর ২/১৬)। খুলনা: ৩৬৭ ও ২০ ওভারে ৮৪/২ (এনামুল ৩১, মেহেদী ৩১; আরাফাত ২/২১)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: শামসুর রহমান (ঢাকা মহানগর)।
রংপুর-ঢাকা বিভাগ, বগুড়া
রংপুর ১ম ইনিংস: ৪৬৩। ঢাকা বিভাগ: ২৭৬ ও ৯৮ ওভারে ২৪৭/৪ (সাঈফ ৮৪, নাদিফ ৫৮*, রকিবুল ৪২; সাজেদুল ১/১৩)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম (রংপুর বিভাগ)।
পয়েন্ট তালিকা
প্রথম স্তর
ম্যাচ জয় হার ড্র পয়েন্ট
খুলনা বিভাগ ৫ ১ ০ ৪ ৪৭
ঢাকা মহানগর ৫ ১ ০ ৪ ৪১
ঢাকা বিভাগ ৫ ১ ১ ৩ ৪০
রংপুর বিভাগ ৫ ০ ২ ৩ ৩১
দ্বিতীয় স্তর
বরিশাল বিভাগ ৫ ২ ০ ৩ ৫৩
রাজশাহী বিভাগ ৫ ১ ১ ৩ ৩৭
সিলেট বিভাগ ৫ ১ ১ ৩ ৩৫
চট্টগ্রাম বিভাগ ৫ ০ ২ ৩ ৩১