শিরোপাই তাঁর বিদায় উপহার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেট্টোরির জন্য বিশ্বকাপ ট্রফি চান ম্যাককালাম l ফাইল ছবি
ভেট্টোরির জন্য বিশ্বকাপ ট্রফি চান ম্যাককালাম l ফাইল ছবি

৩৬তম জন্মদিনের কেক কেটেছেন মাস দুয়েক আগে। ফেলে আসা দিনগুলোর অর্ধেকই কেটেছে নিউজিল্যান্ডের জার্সি গায়ে। ব্ল্যাক ক্যাপদের ক্রিকেট ইতিহাসে ড্যানিয়েল ভেট্টোরি তাই উজ্জ্বল এক নাম। যাঁর সৌরভ ছড়াতে শুরু করেছিল ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে, শেষ হচ্ছে ২৯ মার্চ মেলবোর্নে।
এখনো সরাসরি ঘোষণা নয়। তবে বিশ্বকাপ শেষে দীর্ঘ ক্যারিয়ার শেষের আভাসটা দিয়ে রেখেছেন আগেই। কিংবদন্তি এই কিউই ক্রিকেটারের বিদায়ের দিনটাও কী দারুণ এক উপলক্ষ নিয়ে হাজির। বিশ্বকাপ ফাইনাল! সুযোগটা কাজে লাগিয়ে ভেট্টোরিকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েই বিদায় জানাতে চান সতীর্থরা।
শেষবারের মতো বিশ্বকাপে খেলবেন বলেই টেস্ট থেকে মাঝে স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন। নিজেকে তৈরি করছিলেন মহামঞ্চের জন্য। চোটের ভয় অবশ্য ছিলই। সেটি জয় করে ফিট হয়েই দলে ফিরেছেন কিউই স্পিনার। নিরাশ করেননি নির্বাচকদের। স্পিনার-বৈরী এ বিশ্বকাপেও ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট।
দলের জন্য যাঁর এত নিবেদন, বিদায়বেলায় তাঁকে সেরা উপহারটাই দিতে চান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, ‘আমাদের ক্রিকেটে তার অবদান বলে শেষ করা যাবে না। নিজের অর্ধেক জীবনই কেটেছে নিউজিল্যান্ডের হয়ে। বিদায়বেলায় তাকে বিশ্বকাপ ট্রফি দেওয়ার চেয়ে ভালো উপহার আর হতে পারে না।’
ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচটা খেলবেন মেলবোর্নে। তবে দেশের মাটিতে শেষটা খেলে ফেলেছেন এরই মধ্যে। পরশু অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস সেমিফাইনালে কোনো উইকেট হয়তো পাননি, তবে ব্যাট হাতে ভীষণ চাপের মুখে শেষ ওভারে মেরেছেন মহামূল্যবান একটি চার। কিউইদের জয়ে ওই বাউন্ডারির গুরুত্বটা ম্যাককালামও জানেন, ‘চাপের মুখে দারুণভাবে নিজেকে সামলে ওই শটটা খেলল। আমি নিশ্চিত, এই রাতের কথা তারও অনেক দিন মনে থাকবে। মেলবোর্নেও আমরা তাকে ও রকম আরও একটা রাত উপহার দিতে চাই।’
সতীর্থদের এই আবেগ ছুঁয়ে যাচ্ছে দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সবচেয়ে বেশি উইকেটের (৬৫৮) মালিককে। তবে আপাতত এসব সরিয়ে রেখে ভেট্টোরি মনোযোগ দিতে চান ফাইনালে, ‘নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে কেউ কখনো বিশ্বকাপের ফাইনাল খেলেনি। আমরা তাই সবাই রোমাঞ্চিত। আপনি ক্যারিয়ারের যে পর্যায়েই থাকুন, অমন একটা ম্যাচের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’ রয়টার্স।