শিরোপার মীমাংসা শেষ রাউন্ডেই
ইনিংস পরাজয় এড়াতে ওয়ালটন মধ্যাঞ্চলকে করতে হতো ১২৭ রান। শেষ দিনে হাতে থাকা ২ উইকেটে বর্তমান চ্যাম্পিয়নরা যোগ করতে পেরেছে ৪২ রান। সিলেটে মধ্যাঞ্চলকে ইনিংস ও ৮৫ রানে হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে বিসিবি উত্তরাঞ্চল। অন্যদিকে চট্টগ্রামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সঙ্গে ড্র করে হিসাব কঠিন করে ফেলেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
অথচ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চতুর্থ রাউন্ড শেষেও আলাদা করা যায়নি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে। ৪ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিল দল দুটি। কাল পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার ছবি গেছে বদলে। পাঁচ ম্যাচে উত্তরাঞ্চলের পয়েন্ট ১৯, দক্ষিণাঞ্চলের সেখানে ১৩। বাস্তবতা ভিন্ন হলেও কাগজে-কলমে একটা আশা তবুও আছে দক্ষিণাঞ্চলের। তবে সেটি করতে কঠিন এক পথই পাড়ি দিতে হবে রাজ্জাকের দলকে। গাণিতিক হিসাবে শিরোপা জেতার সূক্ষ্ম সম্ভাবনা আছে ১২ পয়েন্ট পাওয়া পূর্বাঞ্চলেরও।
৫ মার্চ থেকে শুরু বিসিএলের শেষ রাউন্ডে বিকেএসপিতে মধ্যাঞ্চলের বিপক্ষে যদি ১০ উইকেট কিংবা ইনিংস ব্যবধানে জিততে পারে তখন দক্ষিণাঞ্চলের পয়েন্ট হবে ২০। আর ফতুল্লায় যদি পূর্বাঞ্চলের কাছে হেরে যায় উত্তরাঞ্চল, তাদের পয়েন্ট থেকে যাবে ১৯। বোনাস পয়েন্টসহ জিতলে পূর্বাঞ্চলের পয়েন্টও হবে ১৯। একাধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে প্রথমেই দেখা হবে পুরো টুর্নামেন্ট প্রথম ইনিংসের কারা বেশি রান করেছে সেটা। এতেও আলাদা করা না গেলে আসবে মুখোমুখি লড়াইয়ের হিসাব।
কিন্তু এই সমীকরণ মেলানো কতটা কঠিন, ভালো করেই জানেন আবদুর রাজ্জাক। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের পর এই ম্যাচও ড্র হওয়ায় হতাশ দক্ষিণাঞ্চলের অধিনায়ক। তবে চট্টগ্রামের ম্যাচটা ফল না দেখায় রাজ্জাক দুষলেন উইকেটকে, ‘কী করার আছে আমাদের! এমন উইকেটে খেললাম যেখানে দুই ইনিংসই শেষ হয় না। উত্তরাঞ্চলের সঙ্গে পার্থক্যটা হয়ে গেছে কন্ডিশনেই। জানি অনেক কঠিন হবে। তবুও চেষ্টা করব শেষ ম্যাচটা ভালো কিছু করতে।’
বিপরীত দৃশ্য উত্তরাঞ্চলে। শিরোপার কাছাকাছি চলে আসা দলটার আত্মবিশ্বাস তুঙ্গে। উত্তরাঞ্চল অধিনায়ক জহুরুল ইসলামের চাওয়া শেষ ম্যাচেও ধরে রাখবেন এই ছন্দ, ‘আমরা শিরোপার অনেক কাছে চলে এসেছি। সবাই যার যার জায়গা থেকে অবদান রেখেছে। নাঈম, নয়ন (সানজামুল ইসলাম), জুনায়েদ অসাধারণ খেলেছে। এখন ভালোভাবে শেষ করতে পারলেই হয়। আমরা আত্মবিশ্বাসী, আশা করি শেষ ম্যাচেও ভালো কিছু হবে।’
বিসিএলের আগের চারটি শিরোপা ঘুরেফিরে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের হাতে উঠেছে। উত্তরাঞ্চলের হাত ধরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে এবার দেখবে নতুন চ্যাম্পিয়ন?
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ১৮১ ও ৭৬ ওভারে ২৭১ (সাইফ ৭০, তানভীর ৫১, শরীফ ৪৫*, মজিদ ৪৩; আলাউদ্দিন ৪/৬৭, সানজামুল ৩/১১৪, নাঈম ১/৭, ইয়াসিন ১/২৭, ফরহাদ রেজা ১/৩২)। উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৫৩৭।
ফল: উত্তরাঞ্চল ইনিংস ও ৮৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।
দক্ষিণাঞ্চল: ২৯৬ ও ৯৬ ওভারে ১৯৮/৫ (ফজলে ৩৬, শাহরিয়ার ৩৬, এনামুল ৩৫, তুষার ৩১, মিঠুন ২৯*; নাঈম হাসান ২/৪৮, সাইফউদ্দিন ১/১৩, রাহাতুল ১/২৩, অলক ১/২৩)। পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৫২৩/৭ ডি.।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: আফিফ হোসেন।