শিরোপার হাসি রাজ্জাকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষদিনে সৌম্য পেলেন সেঞ্চুরি। ফাইল ছবি
শেষদিনে সৌম্য পেলেন সেঞ্চুরি। ফাইল ছবি

সমীকরণটা এমন ছিল—ড্র করলেই টানা দ্বিতীয়বারের মতো বিসিএল শিরোপা জিতবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ৫৯০ রানের লিড পাওয়ার পর ম্যাচের ফল একরকম নির্ধারিতই হয়ে যায়। সঙ্গে নির্ধারিত হয়ে যায় তৃতীয় বিসিএল শিরোপাও। গতবারের মতো এবারও শেষ হাসি রাজ্জাকের দলের।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের মাঠে নামার আগে সমীকরণ ছিল এমন—দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৩৫, পূর্বাঞ্চলের ৩২। তৃতীয় দিন শেষে বোনাস পয়েন্ট যোগ হয়ে দক্ষিণাঞ্চলের ৪২ ও পূর্বাঞ্চলের ৩৬। ম্যাচ ড্র হলে আরও ৩ পয়েন্ট করে পাবে দুই দল, সঙ্গে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণাঞ্চল পাবে বাড়তি ১ পয়েন্ট। ম্যাচ ড্র হলেও ৪৬ পয়েন্ট নিয়ে (পূর্বাঞ্চলের হবে ৩৯) তৃতীয় বিসিএলের শিরোপা জিতে যাবে রাজ্জাকের দল। হলোও তা-ই।
আগের দিনের ৩ উইকেটে ২৩১ রানে খেলতে নেমে ৯ উইকেটে ৪২৫ রান তুলে থামে দক্ষিণাঞ্চল। গতকালই পেয়েছিল বিরাট লিড দক্ষিণাঞ্চল। তবুও ঝুঁকি নেননি অধিনায়ক। তবে এতে লাভ হয়েছে সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের। আগের দিন ৭৫ রানে অপরাজিত থাকা সৌম্য পেয়েছেন সেঞ্চুরি। নাজমুল অপুর বলে ফেরার আগে সৌম্যের ব্যাট থেকে এসেছে ১২৭ রানের দারুণ এক ইনিংস। ভারত সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এ সেঞ্চুরি নিশ্চয় কাজে দেবে সৌম্যকে। সেঞ্চুরি পেয়েছেন মোসাদ্দেকও। অলক কাপালির বলে আউট হওয়ার আগে মোসাদ্দেকের সংগ্রহ ১১৯ রান। ম্যাচসেরাও তিনি।
দিনের অবশিষ্ট সময়ে অনতিক্রম্য ৫৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে পূর্বাঞ্চল তোলে ৩ উইকেটে ১৬৬ রান। পূর্বাঞ্চলের লিটন কুমারের ব্যাট থেকে এসেছে ৭৪ ও অধিনায়ক অলক কাপালি অপরাজিত ছিলেন ৫৫ রানে। পূর্বাঞ্চলের তিনটি উইকেটই নিয়েছেন পেসার আল আমিন হোসেন।

চট্টগ্রামে ম্যাচের ফল না এলেও ফল এসেছে মিরপুরে। ওয়ালটন মধ্যাঞ্চলের দেওয়া ২০৩ রানের লক্ষে খেলতে নেমে বিসিবি উত্তরাঞ্চল অলআউট হয়েছে ১২২ রানে। মধ্যাঞ্চল জিতেছে ৮০ রানে। দুই ইনিংস মিলে ব্যাট হাতে ৩৭ ও বল হাতে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, চট্টগ্রাম
দক্ষিণাঞ্চল: ৩৮৫ ও ১০৭.২ ওভারে ৪৫২/৯ (সৌম্য ১২৭, মোসাদ্দেক ১১৯, এনামুল ৭০; আবুল হাসান ৩/২৬)।
পূর্বাঞ্চল: ২৪৭ ও ৩৪ ওভারে ১৬৬/৩ (লিটন ৭৪, অলক ৫৫*; আল আমিন ৩/৪৩)।
ফল: ম্যাচ ড্র

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল, মিরপুর
মধ্যাঞ্চল: ২৮৯ ও ৮৩.১ ওভারে ২০০ (মেহরাব জুনিয়র ৫৪*, শুভাগত ৩৬, মাহমুদউল্লাহ ৩৫; মাহমুদুল ৪/৫৩, মুক্তার ২/৩৬, তাইজুল ২/৭৩।
উত্তরাঞ্চল: ২৮৭ ও ৪০.৪ ওভারে ১২২ (মাহমুদুল ৩৪, সাব্বির ৩২; শহীদ ৩/৩২, শুভাগত ৪/৩৫, মোশারফ ৩/২৭)।
ফল: মধ্যাঞ্চল ৮০ রানে বিজয়ী

বিসিএল শিরোপাজয়ী দল
২০১৩: ওয়ালটন মধ্যাঞ্চল
২০১৪: প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
২০১৫: প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল