অফিশিয়াল ফটোসেশন শেষে দলের ম্যানেজার জালাল ইউনুস মজা করে বলছিলেন, ‘মেয়েরা তো ফাইনালে উঠে আমাদের চাপে ফেলে দিল!’ পাশ থেকে বোর্ডপ্রধান নাজমুল হাসান যোগ করলেন, ‘এটা ইতিবাচক চাপ।’
ইতিবাচক চাপ মানে অনুপ্রেরণা। আজ মধ্যরাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার আগে মাশরাফিরা জেনে যাবেন, মেয়েরা সোনা জিততে পারল কি না। পারলে সেটি দারুণ অনুপ্রেরণা। না পারলেও অনুপ্রেরণার অভাব নেই। নিজেদের সোনা ধরে রাখার তাগিদ তো আছেই। আছে দুঃসময়ের বলয় থেকে বের হওয়ার তাড়ানাও। সব মিলিয়ে ক্রিকেটের সোনাটা যেন চাই-ই চাই বাংলাদেশের!
ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর নানা জায়গায়, নানা প্রসঙ্গে এই কথা বলে আসছেন মাশরাফি বিন মুর্তজা। কাল সংবাদ সম্মেলনেও এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অধিনায়কের কণ্ঠে থাকল একই প্রত্যয়, ‘লক্ষ্য অবশ্যই স্বর্ণ ধরে রাখা। সোনা জিততে পারলে দেশের জন্য সেটা হবে দারুণ ব্যাপার। এটা শুধু ক্রিকেটই না, সব খেলারই প্রতিনিধি আমরা। দেশের প্রতিনিধি। আর আলাদাভাবে বলব এটা একটা ভালো সুযোগ আমাদের প্রত্যেক ক্রিকেটারের। ওখান থেকে কিছু আত্মবিশ্বাস নিয়ে আসা। জিততে পারলে কিছুটা হলেও খারাপ সময় থেকে বেরিয়ে আসব আমরা।’
বাংলাদেশ খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। ১ অক্টোবর কোয়ার্টারে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ মালদ্বীপ অথবা কুয়েত। অভাবনীয় কিছু না হলে সেমিফাইনালেই সবচেয়ে বড় বাধা—শ্রীলঙ্কা। ফাইনালে গতবারের মতোই প্রতিপক্ষ হতে পারে আফগানিস্তান। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আলাদা করেই বললেন তাঁর দেশ শ্রীলঙ্কার নাম, ‘ভারত-পাকিস্তানের অনুপস্থিতির পরও এশিয়ান গেমস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। শ্রীলঙ্কা আমাদের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ওই ম্যাচ জিতলে পরে আফগানিস্তান ও হংকংও খুব খারাপ নয়। তবে সোনা জয়ের দারুণ সম্ভাবনা আছে আমাদের।’
বড় একটা সুবিধা অবশ্য আছে বাংলাদেশের। যে মাঠে খেলা হবে, সেই মাঠের উইকেট বানিয়েছেন বাংলাদেশেরই একজন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দীর্ঘদিনের কিউরেটর বদিউল আলম। এটা বাড়তি সুবিধা কি না জানতে চাইলে স্বভাবসুলভ কৌতুকে সবাইকে হাসালেন মাশরাফি, ‘এ ধরনের টুর্নামেন্টে সুবিধা চাইলে তো আর পাওয়া যায় না। তবে উনি চাইলে সুবিধা দিতে পারেন আর কী!’
এই হাসি ফেরার সময়ও অটুট থাকলে হয়!