
বার্তা দিয়ে রাখল অস্ট্রেলিয়া। জানিয়ে দিল, ঘরের মাঠে অন্যের হাতে বিশ্বকাপটা তারা দেখতে চায় না। কাল পার্থে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে দাঁড়াতেই দিল না বিশ্বকাপের সহ-আয়োজকেরা, ম্যাচ জিতে নিল ১১২ রানে।
মেঘলা আকাশের নিচে ৬০ রানেই নেই ৪ উইকেট। সেখান থেকে অস্ট্রেলিয়া দাপটের সঙ্গে ফিরল পঞ্চম উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের ১৪১ রানের জুটিতে। শেষে জেমস ফকনারের ২৪ বলে ৫০ রানের টর্নেডোতে ২৭৮ রান। এরপর নতুন বছরে প্রথম খেলতে নেমেই মিচেল জনসনের আগুনে বোলিং, চূর্ণ ইংল্যান্ডের টপ অর্ডার। যেটাকে পুরোপুরি ধ্বংসস্তূপ বানাল গ্লেন ম্যাক্সওয়েলের অফ স্পিন। ব্যাট হাতে ক্যারিয়ার-সর্বোচ্চ ৯৫ রান করার পর ৪৬ রানে ৪ উইকেট, ম্যাক্সওয়েলের অলরাউন্ড সত্তার সর্বোচ্চ সুবিধাই পেল অস্ট্রেলিয়া। চিরশত্রু ইংল্যান্ডকে ৩৯.১ ওভারেই ১৬৬ রানে অলআউট করে দিয়েই কার্লটন মিড ত্রিদেশীয় সিরিজের শিরোপাটা জিতে নিল অস্ট্রেলিয়া।
৯৮ বলে ১৫ চারে ৯৫ রান করেছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার নড়বড়ে নব্বইয়ে কাটা পড়লেন তিনি। সঙ্গী মার্শ ৬০ রান করেছেন ৬৮ বলে। আটে নেমে ২৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসে ৪টি করে চার ও ছয় মেরেছেন ফকনার। তিনটি ছয়ই ফকনার মেরেছেন ক্রিস ওকসের করা ৪৯তম ওভারে। ওই ওভারে ২৪ রান দিয়েছেন ওকস, ১০ ওভারে তাঁর খরচ ৮৯ রান—ইংল্যান্ডের হয়ে যা চতুর্থ খরুচে বোলিং।
২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করা ইংল্যান্ড ১৮ রানে হারায় প্রথম উইকেট। পরের তিনটি উইকেটই সপ্তম ওভারে আক্রমণে আসা জনসনের। এর মধ্যে নিজের তৃতীয় ওভারে পরপর দুই বলে মঈন আলী ও এইউন মরগানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার।
পুরো ম্যাচে অস্ট্রেলিয়ার অস্বস্তি বলতে ওভার পুরো না করেই জেমস ফকনারের খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া। এই অলরাউন্ডারে বিশ্বকাপ খেলাই এখন ঝুঁকির মুখে। স্টার স্পোর্টস ও ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭৮/৮ (ফিঞ্চ ০, ওয়ার্নার ১২, স্মিথ ৪০, বেইলি ২, ম্যাক্সওয়েল ৯৫, মার্শ ৬০, হাডিন ৯, ফকনার ৫০*, জনসন ৩, স্টার্ক ০*; অ্যান্ডারসন ২/৩৮, ওকস ০/৮৯, ব্রড ৩/৫৫, ফিন ১/৫৩, মঈন ১/৩৯)। ইংল্যান্ড: ৩৯.১ ওভারে ১৬৬ (মঈন ২৬, বেল ৮, টেলর ৪, রুট ২৫, মরগান ০, বোপারা ৩৩, বাটলার ১৭, ওকস ০, ব্রড ২৪, ফিন ৬, অ্যান্ডারসন ৫*; স্টার্ক ০/৪০, হ্যাজলউড ২/১৩, জনসন ৩/২৭, মার্শ ০/১৮, ম্যাক্সওয়েল ৪/৪৬, ফকনার ১/১১, ফিঞ্চ ০/৩)।
ফল: অস্ট্রেলিয়া ১১২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যান অব দ্য সিরিজ: মিচেল স্টার্ক।