ম্যাচের শেষ দিকে ড্রেসিংরুম থেকে অপরাজিত দুই ব্যাটসম্যানের উদ্দেশে খালেদ মাসুদের হাঁক, ‘শেষ না করে এলে ৫ হাজার টাকা কাটা যাবে।’ এটি আসলে রসিকতা। লিজেন্ডস অব রূপগঞ্জ কোচের নির্দেশ ‘অমান্য’ করেননি তাঁর দুই ব্যাটসম্যান। মনির হোসেনকে সুইপ শটে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেছেন ৬৪ রানে অপরাজিত নাহিদুল ইসলাম। প্রাইম ব্যাংকের বিপক্ষে রূপগঞ্জ জিতেছে ৫ উইকেটে।
প্রাইম ব্যাংকের দেওয়া ২২৩ রান তাড়া করতে নেমে ৮ রানেই ওপেনার জুনায়েদ সিদ্দিক আউট। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুন গড়েন ৬৫ রানের জুটি। কাভার ড্রাইভ, কাট, লং অন দিয়ে উড়িয়ে মেরে লম্বা ইনিংস খেলার বার্তাই দিচ্ছিলেন সৌম্য। কিন্তু ধৈর্য হারিয়ে ফেললেন বাঁহাতি ওপেনার। শুভাগত হোমকে অহেতুক ডাউন দ্য উইকেটে চালাতে গিয়ে লং অনে তাইবুরের হাতে ক্যাচ দিলেন হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থেকে।
মোহাম্মদ মিঠুন কিংবা আসিফ আহমেদও হতে পারতেন রূপগঞ্জের ব্যাটিংয়ের উজ্জ্বলতম নাম। কিন্তু ধৈর্যচ্যুতি ঘটল তাঁদেরও। তাইবুরকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে পয়েন্টে সাব্বিরের ক্যাচ হওয়ার আগে মিঠুন ঠিক ফিফটি করেছেন। আর নাজমুল ইসলামকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হওয়ার আগে আসিফের রান ৫১।
তবে নাহিদ ছিলেন ব্যতিক্রম। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন, উইকেটও ছুড়ে আসেননি। ১২৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পঞ্চম উইকেটে আসিফের সঙ্গে ৭৭ রান তুলে দলকে পার করে দিয়েছেন নিরাপদেই।
প্রাইম ব্যাংকের পরাজয়ে বিষণ্ন দেখাল নুরুল হাসানকে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপি মাঠটা ‘পয়া’ হয়ে উঠেছে তাঁর কাছে। ১৪ ম্যাচে তিনি যে ৪৮৭ রান করেছেন, তার ৩১৭ রানই (৬ ম্যাচে) এই মাঠে! লিগে তাঁর একমাত্র সেঞ্চুরিটি রূপগঞ্জের বিপক্ষে, সেটিও বিকেএসপিতে। কালও করেছেন ৭৫ রান। কিন্তু দলের হারে এমন ইনিংসেরও আর মূল্য কী?
সুপার লিগে টানা তিন জয়ে শিরোপার আরেকটু কাছে গেল রূপগঞ্জ। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা এখন সবার ওপরে। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ঠিক পরেই আছে আবাহনী। আরেকটা ম্যাচ জিতলেই কি শিরোপা নিশ্চিত? প্রাইম ব্যাংকের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে ফেরার পথে রূপগঞ্জ অধিনায়ক মোশাররফ হোসেন বললেন, ‘পরের ম্যাচ (কাল) আবাহনীর সঙ্গে এই মাঠে। দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। ওটাতে জিততে পারলে আমরা অনেকটাই এগিয়ে যাব।’
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২২২/৮ (নুরুল ৭৫, তাইবুর ৩৫, শুভাগত ৩২, চাঁদ ৩০; নেগি ২/৩০, আলাউদ্দিন ১/২৬)।
রূপগঞ্জ: ৪৬.৫ ওভারে ২২৫/৫ (নাহিদুল ৬৪*, আসিফ ৫১, মিঠুন ৫০, সৌম্য ৪৭; শুভাগত ২/২২)।
ফল: রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাহিদুল ইসলাম।