শিরোপার সামনে দক্ষিণাঞ্চল
৩৬৯ রানের লিড হয়ে গেছে। আজ আর কত রান হলে ইনিংস ঘোষণা করে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে আরেকবার ব্যাটিংয়ে ডাকবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল?
প্রশ্নটা অবান্তর। এই ম্যাচে যে একটুও ঝুঁকি নিতে রাজি নন আবদুর রাজ্জাক! ‘ড্র করলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি। কাজেই বিন্দুমাত্র ঝুঁকি নেব না। ওরা পারলে আমাদের অলআউট করুক। আমরা ইনিংস ঘোষণা করব না’—চট্টগ্রাম থেকে কাল মুঠোফোনে বলছিলেন দক্ষিণাঞ্চল অধিনায়ক।
শেষ পর্বের ম্যাচের আগে দক্ষিণাঞ্চলের পয়েন্ট ছিল ৩৫, পূর্বাঞ্চলের ৩২। তৃতীয় দিন শেষে বোনাস পয়েন্ট যোগ হয়ে দক্ষিণাঞ্চলের পাশে সংখ্যাটা ৪২ ও পূর্বাঞ্চলের ৩৬। আজ ম্যাচ ড্র হলে আরও ৩ পয়েন্ট করে পাবে দুই দল, সঙ্গে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণাঞ্চল পাবে বাড়তি ১ পয়েন্ট। অর্থাৎ জিতলে তো কথাই নেই, ম্যাচ ড্র হলেও ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় বিসিএলের শিরোপা জিতে যাবে রাজ্জাকের দল। অন্য দিকে পূর্বাঞ্চলকে চ্যাম্পিয়ন হতে হলে সরাসরি জিতে অর্জন করতে হবে ১৬ পয়েন্ট। আজ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে যেখান থেকে শেষ দিনের খেলা শুরু হবে, কাজটা তাদের জন্য কঠিনই হবে।
৩ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে পূর্বাঞ্চল। সেখান থেকে কিনা মধ্যাহ্ন বিরতির আগেই অলআউট! আগের দিন ১৮ রানে অপরাজিত অলক কাপালি ফিরে গেছেন দিনের প্রথম ওভারে। ৮৬ রানের সঙ্গে আর মাত্র ১ রান করে দিনের অষ্টম ওভারে ওপেনার সাদমান ইসলামও কট বিহাইন্ড রাজ্জাকের বলে। এরপর শুধু উইকেট পতনের মিছিলই দেখেছে তাদের ড্রেসিংরুম। সাত নম্বরে নামা আবুল হাসান ফিফটি করেছেন। কিন্তু তাঁর একার পক্ষে আর কতটুকুই সম্ভব দলকে লড়াইয়ে ফেরানো? ১৭৩ রানে সাদমানের আউটের পর ৭৪ রানে পড়েছে শেষ ৫ উইকেট।
প্রথম ইনিংসে ১৩৮ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি দক্ষিণাঞ্চলের। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার ইমরুল কায়েস আউট। দলের ৭৮ রানের মধ্যে ফিরে যান প্রথম ইনিংসে নার্ভাস নাইনটিতে আউট হওয়া দুই ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস আর মোহাম্মদ মিঠুনও। তবে ওখান থেকেই নতুন করে হাল ধরেন এনামুল হক-সৌম্য সরকার। চতুর্থ উইকেটে তাঁদের ৬১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় দক্ষিণাঞ্চল। নাজমুল অপুর বলে দলের ১৩৯ রানে এনামুল (৭০) বোল্ড হয়ে গেলেও হাতছাড়া হয়নি সেটা। মূল কৃতিত্ব সৌম্যর। পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেনের (৪৩*) সঙ্গে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়ে দিন শেষে ৭৫ রানে অপরাজিত। অধিনায়কের ইনিংস ঘোষণা না করার পণে সেঞ্চুরিরই হাতছানি এখন সৌম্যর সামনে।
উত্তরাঞ্চলের লক্ষ্য ২০৩
ওয়ালটন মধ্যাঞ্চলের ২৮৯ রানের জবাবে বিসিবি উত্তরাঞ্চলের স্কোর ২৮৭। প্রথম ইনিংস শেষেই বোঝা যাচ্ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচটা হতে যাচ্ছে এক ইনিংসের খেলা। হচ্ছেও তাই। দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অলআউট হয়ে গিয়ে উত্তরাঞ্চলের সামনে জয়ের জন্য মাত্র ২০৩ রানের লক্ষ্য দিতে পেরেছে মধ্যাঞ্চল। লক্ষ্যটা মোটেও বড় নয়। কিন্তু এত সহজ লক্ষ্যের সামনেও কালই যে ১১ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে নাসির হোসেনের উত্তরাঞ্চল!
মধ্যাঞ্চলের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অফ স্পিনার মাহমুদুল হাসান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহরটিসহ ৫৩ রানে নিয়েছেন ৪ উইকেট। মিডল অর্ডারে মেহরাব হোসেন জুনিয়র ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়ালেও বড় জুটির যোগ্য সঙ্গী পাননি। ২৬২ মিনিট উইকেটে থেকে ১৯০ বলে ৫৪ রানে অপরাজিত মেহরাব। ১১৭ রানে পঞ্চম উইকেট পড়ার পর ৬১ রানের ষষ্ঠ উইকেট জুটিতে যা একটু সঙ্গ পেয়েছেন শুভাগত হোম চৌধুরীর (৩৬) কাছ থেকে। একসঙ্গে ২৬ ওভার উইকেটে ছিলেন দুজনে। কিন্তু থিতু হওয়ার পরও দিন শেষ করে আসতে পারলেন না শুভাগত। মুক্তার আলীকে ফ্লিক করতে গিয়ে কট বিহাইন্ড। মধ্যাঞ্চলের ইনিংস এরপর যেন তাসের ঘরের মতো ধসে পড়ল। ১০ ওভারের মধ্যে মাত্র ২২ রানের ব্যবধানে পড়ে শেষ ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল, মিরপুর
মধ্যাঞ্চল: ২৮৯ ও ৮৩.১ ওভারে ২০০ (মেহরাব জুনিয়র ৫৪*, শুভাগত ৩৬, মাহমুদউল্লাহ ৩৫, মার্শাল ৩০, মজিদ ২৯; মাহমুদুল ৪/৫৩, মুক্তার ২/৩৬, তাইজুল ২/৭৩)। উত্তরাঞ্চল: ২৮৭ ও ২ ওভারে ১১/২ (মাহমুদুল ০*, তাইজুল ৮*; শহীদ ১/৩, শুভাগত ১/৮)।
দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল, চট্টগ্রাম
দক্ষিণাঞ্চল: ৩৮৫ ও ৫৪ ওভারে ২৩১/৪ (সৌম্য ৭৫*, এনামুল ৭০, মোসাদ্দেক ৪৩* শাহরিয়ার ২৯; জায়েদ ২/৪৮)। পূর্বাঞ্চল: ৮৩.৩ ওভারে ২৪৭ (সাদমান ৮৭, আবুল ৫০, লিটন ৩৮, আসিফ ২২, অলক ২০; সোহাগ ৪/৬২, আল আমিন ৩/৪৫, রাজ্জাক ২/৭৩, মুস্তাফিজ ১/৪১)।