শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি উইকেট পেলেন সাকিব আল হাসান। জয়ের পথে আরেকটু এগোল আবাহনী। বিকেএসপিতে আবাহনী-রূপগঞ্জ ম্যাচে— ছবি: প্রথম আলো
আরেকটি উইকেট পেলেন সাকিব আল হাসান। জয়ের পথে আরেকটু এগোল আবাহনী। বিকেএসপিতে আবাহনী-রূপগঞ্জ ম্যাচে— ছবি: প্রথম আলো

মাথার ওপর রানের পাহাড়। সে পাহাড়ের চাপেই নুয়ে পড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে আজ তাদের ৬০ রানে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপার সুবাস পেতে শুরু করেছে আবাহনী। আবাহনী, রূপগঞ্জ দুই দলের পয়েন্টই এখন সমান-২০। তবে আবাহনী ম্যাচ খেলেছে একটি কম।
২৯০ রান তাড়া করতে এসে ৩৫ রানে ৩ উইকেট পড়ে গেলে ম্যাচে ফেরা কঠিন। শুরুর এই বিপর্যয়ের পর রূপগঞ্জও আর পারেনি ঘুরে দাঁড়াতে। চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুন আর নাহিদুল ইসলামের সর্বোচ্চ জুটিটাও মাত্র ৫৯ রানের। সেটা দিয়ে আর কতটুকু যাওয়া যায়! দলের ১২৩ রানের মধ্যে এই দুই ব্যাটসম্যানেরও বিদায়ে জয় আবাহনীর জন্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কাঙ্ক্ষিত সেই জয় আবাহনী পেয়েছে ৫ ওভার ২ বল বাকি থাকতেই।
মোহামেডানের বিপক্ষে গত ম্যাচে এই বিকেএসপিতেই ৩৭১ রান করে ২৬০ রানে জিতেছিল আবাহনী। সেঞ্চুরি করেছিলেন লিটন দাস, দীনেশ কার্তিক। পরে ঝোড়ো ব্যাট চালিয়েছিলেন সাকিব আল হাসানও। আজ অবশ্য কারও সেঞ্চুরি ছাড়াই লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে ২৯১ রানের লক্ষ্য দেয় আবাহনী।
তামিম ইকবাল-লিটন দাসের ৭৬ রানের উদ্বোধনী জুটির পর ১১২ রানের মধ্যে নেই ৪ উইকেট। সেখান থেকে রানটা শেষ পর্যন্ত ২৯০ হয়েছে মূলত সাকিব আর মোসাদ্দেকের ব্যাটে চড়ে। পঞ্চম উইকেটে ১৪০ রানের জুটি, ফিফটি করেছেন দুজনই। ১১২ রানে ৪ উইকেট পড়ার পর এ দুজন মিলেই স্কোরটা নিয়ে যান আড়াই শর ওপরে।
আগের ম্যাচে মাত্র ২৪ বলে ৫৭ করা সাকিবের ব্যাটে ঝড় উঠেছে আজও। আসিফের বলে ডিপ স্কয়ার লেগে জহুরুলের ক্যাচ হওয়ার আগে ৫৭ বলে ৬৬, হাফ ডজন বাউন্ডারির সঙ্গে সৌম্য সরকার ও আসিফকে মারা দুর্দান্ত ছক্কা দুটি গেছে ডিপ স্কয়ার লেগ আর মিড উইকেট দিয়ে।
সঙ্গী মোসাদ্দেকও কম যাননি। বরং সাকিরে চেয়েও বেশি আক্রমণাত্মক ছিল তাঁর ব্যাট। ৪০ বলে ফিফটির পর ইনিংস থেমেছে ৫৫ বলে ৭৩ রানে গিয়ে। আট বাউন্ডারির সঙ্গে দুই ছক্কা আছে তার ইনিংসেও।
সাকিব-মোসাদ্দেক জুটিতে ইনিংসের গতি পরিবর্তন হওয়ার আগে কিছুটা হলেও বিপদের শঙ্কা ছড়িয়েছিল আবাহনী শিবিরে। ৩৩ রান করে তাইজুল ইসলামের বলে তামিম লং অনে জহুরুল ইসলামের ক্যাচ। লিটন গত ম্যাচের মতোই স্বচ্ছন্দ ছিলেন। কিন্তু ফিফটির পর তাইজুলের বলে মিড উইকেটে আসিফ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। কাভারে শূন্যে ভেসে পবন নেগির নেওয়া দুর্দান্ত আরেক ক্যাচে আসিফের বলে আউট নাজমুল হোসেন। আবাহনীর প্রথম চার উইকেটের তিনটিই তাইজুলের।
তখন মনে হচ্ছিল, দিনটা বুঝি বাঁহাতি এই স্পিনারেরই হতে যাচ্ছে। বল না করেও অবশ্য একটা দিক দিয়ে তাইজুলের চেয়ে এগিয়ে থেকেছেন জহুরুল। আবাহনীর আট ব্যাটসম্যানই আউট হয়েছেন ক্যাচ দিয়ে। এই ৮ ক্যাচের ৪টিই নিয়েছেন জহুরুল।
এদিকে মিরপুরে প্রাইম ব্যাংককে ১ উইকেটে হারিয়ে দিয়েছে মোহামেডান।