মুঠোফোনের ও প্রান্তে বেশ হইচইয়ের আওয়াজ পাওয়া গেল। ‘মাত্রই আমরা চা খেয়ে ফিরলাম’—বিসিবির নির্বাচক ও ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারকে ফুরফুরেই মনে হলো।
ঢাকা থেকে ২১ মার্চ কক্সবাজারে গেছে বাংলাদেশ দল। এখানেই আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু। ভালো প্রস্তুতি নিয়েই যে বাংলাদেশ ইমার্জিং কাপ শুরু করছে, বোঝা গেল হাবিবুলের কথায়, ‘কক্সবাজারে দুটি প্রস্তুতি ম্যাচে সবাই ভালো খেলেছে। ঢাকায় একসঙ্গে থাকা হয়নি। এখানে একসঙ্গে সবাই থাকছে-ঘুরছে। এটা দলের জন্য ভালো।’
টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক। বাংলাদেশ গ্রুপপর্বে খেলছে মুমিনুলের নিজের শহরে। তাঁর মনে বাড়তি একটা রোমাঞ্চ তাই থাকাই স্বাভাবিক। তবে বিসিবির কোনো দলকে তাঁর নেতৃত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৫ সালের সেপ্টেম্বরে মুমিনুলের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল গিয়েছিল ভারত সফরে।
তা এবার টুর্নামেন্টে বাংলাদেশ দলটা কেমন হয়েছে? টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, টেস্ট খেলুড়ে দেশগুলোর অনূর্ধ্ব-২৩ দলে চারজন বেশি বয়সী খেলোয়াড় থাকতে পারেন। আইসিসির সহযোগী সদস্য বাকি চারটি দেশের অবশ্য জাতীয় দলই খেলছে। ২৩ বছরের বেশি বয়সী চারজন ছাড়াও বাংলাদেশ দলে আন্তর্জাতিক ক্রিকেটার আছেন আরও দুজন। যাঁরা দলে ঢুকে গেছেন ২৩ বছরের কম বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলায়। মুমিনুলের চোখে দলটা ভারসাম্যপূর্ণই হয়েছে, ‘দল ভালো হয়েছে। ব্যাটিং বিভাগটা বেশি ভালো হয়েছে, বোলিংও খারাপ হয়নি। ভারসাম্যপূর্ণ দল।’
শেষ মুহূর্তে মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কায় ওয়ানডে খেলতে যাওয়ায় দলের শক্তি একটু হলেও কমেছে, সেটি মানছেন হাবিবুল। তবে যাঁরা আছেন, তাঁদের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি, ‘জাতীয় দলের প্রয়োজন আগে। মিরাজের জায়গায় নাঈম হাসানকে নেওয়া হয়েছে। এ মুহূর্তে আসলে মিরাজের বিকল্প নেই। যারা দলে আছে, তাদের নিয়েই আমাদের এগোতে হবে। এই দলে নাসির-মুমিনুল আছে। সাইফ, শান্ত (নাজমুল হোসেন), আজমীরদের ভালো সম্ভাবনা আছে।’
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষের মধ্যে হংকং ও নেপাল বড় বাধা হওয়ার কথা নয় মুমিনুলদের জন্য। তবে অন্য দল পাকিস্তান কঠিন পরীক্ষাই নেবে। একটি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান দলে আছেন হারিস সোহেল, বিলাল আসিফ ও হাম্মাদ আজমের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা অভিজ্ঞ খেলোয়াড়। প্রতিপক্ষকে নিয়ে যদিও এখন খুব বেশি গবেষণা করা হয়নি বাংলাদেশের। হাবিবুল বললেন, ‘পাকিস্তান দলে শুনেছি হারিস সোহেল আছে। টুর্নামেন্ট শুরু হলে আশা করি, ধারণা পেয়ে যাব। প্রতিপক্ষেরও তো আমাদের মতোই অবস্থা। আমাদের সম্পর্কে ওদের পুরোপুরি ধারণা নেই।’
যেহেতু নিজেদের আঙিনায় খেলা, টুর্নামেন্টটা তাই স্মরণীয় করে রাখার বাড়তি তাগিদ আছে অধিনায়ক মুমিনুলের, ‘বড় আশা নিয়েই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আমরা খেলব।’
চ্যাম্পিয়ন হতে গেলে শুধু পাকিস্তানকে নিয়ে ভাবলেই চলছে না। ‘এ’ গ্রুপে আছে দুই টেস্ট খেলুড়ে দেশ ভারত ও শ্রীলঙ্কা। সঙ্গে কিছুদিনের বিস্ময় আফগানিস্তান। গ্রুপের অন্য দল মালয়েশিয়া। এই গ্রুপের খেলা হবে চট্টগ্রামের এম এ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেমিফাইনাল দুটিও এই দুই মাঠে। ৩ এপ্রিল ফাইনাল হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আজকের খেলা
বাংলাদেশ-হংকং কক্সবাজার-১
পাকিস্তান-নেপাল কক্সবাজার-২
ভারত-শ্রীলঙ্কা চট্টগ্রাম (জহুর)
আফগানিস্তান-মালয়েশিয়া চট্টগ্রাম (আজিজ)