শিশিরকে ‘অন্যায্য’ বললেন ওয়াসিম আকরাম

পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জিতবে কোন দল? অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড? এ প্রশ্নের জবাবে নিজের পছন্দের দল বেছে নিলেন ওয়াসিম আকরাম—অস্ট্রেলিয়া। দুবাইয়ে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে এ ফাইনাল।

কেন এবং কোথায় অস্ট্রেলিয়া এগিয়ে, সে বিশ্লেষণ ওয়াসিম আকরাম করেছেন। তবে বিশ্লেষণে নেমে একটা জায়গায় বারবার আটকে যাচ্ছে পাকিস্তানের কিংবদন্তির চোখ। যে দিকটা ম্যাচে অন্যায্য প্রভাব ফেলছে বলেই মনে হচ্ছে ওয়াসিমের, ব্যাট-বলের লড়াইকে অসম বানিয়ে রাখছে। সেটি কী? শিশির!

টি–টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ, এ সময় সেখানে রাতে প্রচুর শিশির পড়ে। এমন কন্ডিশনে পরে ব্যাট করা তুলনামুলক সহজ হয়। বোলারদের জন্য বল বল ‘গ্রিপ’ করা কঠিন হয়ে ওঠে, বিশেষ করে স্পিনারদের জন্য।

এ কারণে টস জিতে পরে ব্যাট করতে আগ্রহী দেখা গেছে বেশির ভাগ দলকে। সুপার টুয়েলভ থেকে সেমিফাইনাল পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে পরে ব্যাট করা দল। ফাইনালে তাই টস গুরুত্বপূর্ণ দুই দলের জন্য।

নিউজিল্যান্ডের অনুশীলনে অধিনায়ক কেইন উইলিয়ামসন
ছবি: এএফপি

তবে শিশিরের এই প্রভাব মানতে পারছেন না ওয়াসিম আকরাম। সর্বকালের অন্যতম সেরা এ পেসারের মতে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার উচিত শিশির-সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা, ‘(টস ও শিশির ম্যাচের ফলে যে ভূমিকা রাখছে) এটা ঠিক না। তাদের (আইসিসি) একটা পথ খুঁজে বের করতে হবে। পুরো স্টেডিয়াম তো তারা ঢেকে ফেলতে পারবে না, কিন্তু দুই দলকে অন্তত সমান সুযোগ দেওয়ার পথ বের করা উচিত।’

ওয়াসিম বলেন, ‘(ফাইনালে) টসের ভূমিকা থাকবে। তবে কেউই যেটা দেখতে চায় না তা হলো, টস জিতেই ম্যাচটা ৮০–৯০ শতাংশ জিতে নেওয়া। রান তাড়া করা দলের জন্য এটা সুবিধার, কিন্তু তা অন্যায্য।’

তা টস ছাপিয়ে প্রশ্নটা যখন শুধু ব্যাট-বলের লড়াইয়ের, সেখানে আজকের ফাইনালে ওয়াসিম আকরামের বাজির ঘোড়া অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দলের হাতে তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দেখতে পাচ্ছেন, ‘সেমিফাইনাল জয়ের পর অস্ট্রেলিয়াকে খুব শক্তিশালী মনে হচ্ছে। যদি জিজ্ঞেস করেন ফেবারিট কে? আমার মনে হয় অস্ট্রেলিয়া এগিয়ে।’

সুপার টুয়েলভে একটি করে ম্যাচ হারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিজ নিজ গ্রুপের শীর্ষ দলের কাছে হেরেছে দুই দল। সেমিফাইনাল থেকে ফাইনালেও প্রায় একইভাবে উঠে এসেছে দল দুটি। পরে ব্যাট করতে নেমে প্রায় একই রকম সমীকরণ মিলিয়ে জিতেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে শেষ ৪ ওভারে ৫০ রানের লক্ষ্য তাড়া করে জেতে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড শেষ ৪ ওভারে ৫৭ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে।

অস্ট্রেলিয়ার অনুশীলনে অধিনায়ক অ্যারন ফিঞ্চ
ছবি: এএফপি

টুর্নামেন্টে শুরুতে অস্ট্রেলিয়া ফেবারিট ছিল না। ধীরে ধীরে দলটি যেমন ছন্দে ফিরেছে, তেমনি ডেভিড ওয়ার্নারের সঠিক সময়ে ফর্মে ফেরাও ফাইনালে নিউজিল্যান্ডের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, মনে করেন ওয়াসিম আকরাম। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বলেন, ‘টি-টোয়েন্টি সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে অস্ট্রেলিয়া ফেবারিট ছিল না। ডেভিড ওয়ার্নার ছন্দে ছিল না। সে দলের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে টি-টোয়েন্টিতে। সঠিক সময়েই ফর্মে ফিরেছে।’