শিশিরের প্রেরণাতেই খেলছেন সাকিব

কমাস আগে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অনন্য এক রেকর্ড বিসর্জন দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশের বিপক্ষে খেলেননি টেস্ট ও ওয়ানডে সিরিজ। দুটি টেস্ট খেললেই অভিষেকের পর টানা ১০০ ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হতে পারতেন ‘এবি’। সাকিব আল হাসানের সামনে অবশ্য এমন রেকর্ডের হাতছানি নেই। তবে আছে দেশের হয়ে দারুণ কিছু করার। তাই তো যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে চলে এসেছেন জিম্বাবুয়ে সিরিজ খেলবেন বলে।
এ মাসেই পৃথিবীতে আসার কথা সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ‘রাজকন্যা’র। এই গুরুত্বপূর্ণ সময়টায় স্ত্রী সব স্বামীকেই হয়তো পাশে চান। তবে সাকিব জানালেন, স্ত্রীই অনুপ্রাণিত করেছেন তাঁকে এ সময়টায় দেশের হয়ে খেলতে। টিভির সামনে বসে দলের খেলা দেখাটাও যে সাকিবের জন্য সবচেয়ে কঠিন ব্যাপার।
আজ বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন, ‘এখানে স্ত্রীর সাহায্যটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। ও আমাকে আসতে বলেছে। এও বলেছে, খুব বেশি প্রয়োজন হলে আবার সেখানে (যুক্তরাষ্ট্র) যেতে পারব। নির্ধারিত স্বাভাবিক সময়ে আমার সন্তান যদি পৃথিবীতে আসে, তাহলে পুরো সিরিজটা খেলেই ফিরতে পারব।’
জরুরি অবস্থা দেখা দিলে সাকিব আগেও ফিরে যেতে পারেন। সেই মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন। জানালেন, ‘না এলেও হয়তো হতো। কিন্তু ও বলল, এখানে বসে খেলা দেখলে তোমার যে চেহারার অবস্থা হবে, সেটা দেখতে চাই না! এর চেয়ে বরং তুমি খেলেই আসো। এমনিতে সব সময় যোগাযোগ হচ্ছে। দুজনই সুস্থ আছে। এখন ভালোভাবে সিরিজটি খেলে যেতে পারলেই ভালো।’
আজ মিরপুর মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলন করলেন অনেকক্ষণ। পরে ফিল্ডিং অনুশীলন। বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল সাকিবকে। নতুন অতিথির আগমনের খবর, জিম্বাবুয়ে সিরিজ—দুই মিলে বেশ উত্তেজিত! বিষয়টি লুকালেন না। সাকিবের মুখে ধরা দিল বিস্তৃত হাসি, ‘সিরিজ নিয়ে এমনিতেই উত্তেজিত, সঙ্গে ওই বিষয়টা (সন্তান)। এ কারণে উত্তেজনার মাত্রাও বেশি! প্রয়োজনে হয়তো একটা দুইটা ম্যাচ বাদ দিতে হতে পারে। সেটা নির্ভর করছে পরিস্থিতের ওপর। দেখা যাক কী হয়...।’
প্রিয় ফুটবলার লিওনেল মেসি সন্তান জন্মের পরের ম্যাচটা দারুণ কিছু করেই উদযাপন করেছেন। সাকিব হয়তো আগেই সন্তানকে বিশেষ একটা উপহার দিয়ে রাখতে চান। একটা দারুণ ইনিংস কিংবা বল হাতে কোনো জাদু!