শিষ্যদের 'বন্ধু' বানিয়ে ফেলছেন ওয়ালশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই তিনি লম্বা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের পাশে নিয়ে আরেকটু ‘লম্বা’ হওয়ার চেষ্টা ওয়ালশের! ছবি: প্রথম আলো
এমনিতেই তিনি লম্বা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের পাশে নিয়ে আরেকটু ‘লম্বা’ হওয়ার চেষ্টা ওয়ালশের! ছবি: প্রথম আলো

আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঝ উইকেটে পেসারদের নিয়ে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ। প্রথম দিনে অবশ্য খুব বেশি কিছু করাননি। রানআপ, বোলিং অ্যাকশন, লাইন লেংথ, গ্রিপ—বোলারদের মৌলিক বিষয় নিয়েই কাজ করেছেন ওয়ালশ।

ওয়ালশের ক্লাসে ছিলেন রুবেল হোসেন, আল আমিন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবু হায়দার, মুক্তার আলী ও কামরুল ইসলাম রাব্বী। প্রথম দিনে অনুশীলনে ছিলেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফি পরিচয় পর্বে ছিলেন। হাতও মিলিয়েছেন নিজের অন্যতম নায়কের সঙ্গে। ছিলেন না তাসকিন আহমেদ ও চোটাক্রান্ত মুস্তাফিজুর রহমান।
ওয়ালশের ক্লাসের অভিজ্ঞতা জানালেন পেসার রুবেল, ‘আজ অবশ্য তেমন কিছু করাননি। স্পট বোলিং, ভালো লেংথে হিট করা, কার কেমন বোলিং অ্যাকশন, গ্রিপ—এসবই দেখছে। কাল যেহেতু আমাদের প্রস্তুতি ম্যাচ আছে ওটা নিয়ে ভাবতে বলেছেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের স্বাভাবিক বোলিংটাই করবে।’

বাংলাদেশের দুই তরুণ পেসার আবু হায়দার ও মুক্তার আলীর সঙ্গে ওয়ালশ। ছবি: প্রথম আলো
বাংলাদেশের দুই তরুণ পেসার আবু হায়দার ও মুক্তার আলীর সঙ্গে ওয়ালশ। ছবি: প্রথম আলো

শৈশবে যাঁর খেলা দেখেছেন শুধু টিভিতেই, তিনি এখন চোখের সামনে। ওয়ালশের মতো কিংবদন্তির সামনে বোলিং করতে পেরে তাই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে রুবেলকে, ‘রোমাঞ্চিত তো অবশ্যই। আমার সামনে ওয়ালশ দাঁড়িয়ে, অন্য রকম ব্যাপার। যদি আমার কথা বলি, চেষ্টা করব ওর কাছ থেকে কিছু শেখার।’
কামরুল জানালেন, ওয়ালশ বোলারদের নাম ডাকছেন সংক্ষেপে। তাঁকে তিনি ডাকছেন ‘র‍্যাব’ বলে। বোঝাই যাচ্ছে, শুরুতেই জড়তা কাটিয়ে ​সম্পর্ক স্বাভাবিক করছেন ওয়ালশ। এত বড়মাপের বোলার ছিলেন—এই ভেবে কেউ ​যেন দূরে সরে না থাকে। রাব্বির নামটা সহজে ডাকনাম করতে পেরেছেন। বাকি নামগুলোও পেয়ে যাবেন নিশ্চয়ই!
সংবাদমাধ্যমকে ওয়ালশের সঙ্গে নিজের অভিজ্ঞতা শোনালেন আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে থাকা এই পেসার, ‘ইয়র্কার ও লেন্থের বোলিং করিয়েছেন। বাঁহাতি ব্যাটসম্যানকে ইয়র্কার ও ডানহাতিকে লেংথে বোলিং করতে বলেছেন। স্পট বোলিংও করিয়েছেন। কারও কারও গ্রিপ দেখেছেন। আর আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।’