নিউজিল্যান্ড সফরে সব ম্যাচ খেলেননি মোস্তাফিজুর রহমান। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে যে চারটি ম্যাচ খেলেছেন তাতেই জাত চিনিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলেই উঠে গিয়েছিলেন আইসিসির ওয়ানডে বোলিং র্যা ঙ্কিংয়ের ক্যারিয়ার-সেরা ২৯তম অবস্থানে। মোস্তাফিজ ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠলেন টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়েও। কাল প্রকাশিত সর্বশেষ র্যা ঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন মোস্তাফিজ, যদিও প্রথম দুই টি-টোয়েন্টিতে ৮ ওভারে ৫১ রান দিয়ে উইকেট নিয়েছেন মাত্র ১টি।
২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে এখন মোস্তাফিজই সবার ওপরে। তিন ধাপ এগিয়েও মোস্তাফিজের পেছনে পড়ে গেলেন সাকিব আল হাসান। ১৪ থেকে ১১ নম্বরে উঠেছেন এই বাঁহাতি স্পিনার।
ক্যারিয়ার-সেরা অবস্থানে ওঠার খবরটাকে অনুপ্রেরণা হিসেবেই নিয়েছেন মোস্তাফিজ। আইসিসির ওয়েবসাইট তাঁকে উদ্ধৃত করেছে এভাবে, ‘পারফরম্যান্সের ধারাবাহিকতা বোঝাতে র্যা ঙ্কিং খুব গুরুত্বপূর্ণ একটি সূচক। প্রথমবারের মতো শীর্ষ দশে নিজেকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে, এটা অনুপ্রেরণাদায়কও।’
মোস্তাফিজের মতো ব্যাটিংয়ে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠেছেন সাব্বির রহমানও। সিরিজ শুরুর আগে ১৩ নম্বরে থাকা সাব্বির সিরিজ শেষে আছেন ১২তম অবস্থানে। ব্যাটিংয়ে সবচেয়ে বড় লাফটা অবশ্য দিয়েছেন সৌম্য সরকার। ২৭ ধাপ এগিয়ে ৬৮-তে উঠেছেন তিন ম্যাচে ৮১ রান করা সৌম্য। তথ্যসূত্র: আইসিসি।
