শীর্ষস্থান নিয়ে ভাবছেন না কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট-শ্রেষ্ঠত্বের রাজদণ্ড তুলেই ইচ্ছের কথা জানিয়েছিলেন মিসবাহ-উল-হক। আগামী এপ্রিল পর্যন্ত শীর্ষে থাকতে চান তাঁরা। কিন্তু অক্টোবর আসতে না-আসতেই শ্রেষ্ঠত্ব হাতবদল হতে বসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু ইডেন টেস্ট জিতে গেলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হটিয়ে শীর্ষে উঠে যাবে ভারত। বিরাট কোহলিদের সবচেয়ে বড় অনুপ্রেরণা তো এটাই!

কিন্তু বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামাতে রাজি হলেন না কোহলি, ‘এক নম্বর হওয়ায় কিছু যায় আসে না। কারণ এটা সাময়িক। আপনি এসবে অভ্যস্ত হয়ে গেলে যখন শীর্ষস্থান হারাবেন, তখন মন খারাপ হবে। দূর থেকে দেখা উচিত এটা, কারণ এসব আপনার নিয়ন্ত্রণে নেই।’ কানপুরে ভারত ১৯৭ রানে জিতলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন কোহলি। ইডেনের ফর্মে ফেরার আশা তাঁর, ‘উইকেট বেশ ভালো মনে হচ্ছে। কিছুটা ঘাস আছে। ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট হবে।’

হঠাৎ করেই ডিআরএস নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কণ্ঠে নমনীয় সুর শোনা গেছে। ইডেন টেস্টের আগে এ নিয়েও তাই কথা বলতে হলো কোহলিকে, ‘ভবিষ্যতে এটা হতেই পারে। আমরা এ নিয়ে আলোচনা করছি।’এএফপি।