শীর্ষে উঠে এল প্রাইম দোলেশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোলেশ্বরের দুই সেরা বোলার—আল-আমিন হোসেন ও ফরহাদ রেজা। ছবি: শামসুল হক।
দোলেশ্বরের দুই সেরা বোলার—আল-আমিন হোসেন ও ফরহাদ রেজা। ছবি: শামসুল হক।

প্রাইম দোলেশ্বরকে হারাতে পারলে লিগে এককভাবেই শীর্ষস্থানে উঠত মোহামেডান। কিন্তু সেই সুযোগটা নিতে পারেনি তারা। ৬ উইকেটে জিতে লিগ শীর্ষে মোহামেডানের একক আধিপত্যে ভাগ বসিয়েছে দোলেশ্বর।
ব্যাটসম্যানদের ব্যর্থতাই আজ ব্যাকফুটে ঠেলে দিয়েছিল মোহামেডানকে। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর বিপর্যয় থেকে কখনোই তারা বেরিয়ে আসতে পারেনি। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলকে বিপর্যয় থেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন নাঈম ইসলাম। তাঁর সেঞ্চুরিই যা একটু লড়াইয়ের রসদ জোগায় মোহামেডানকে। দলের শতকরা ৫৩ ভাগ রান আসে তাঁর ব্যাট থেকে। ১৪৭ বলে ১০ চারে সাজানো নাঈমের ১০০ রানের ইনিংসেই মুখ রক্ষা তাদের। তারপরও ১৮৮ রান নিয়ে কতটা আর লড়াই করা যায়?
দারুণ বোলিং করেছেন দোলেশ্বরের আল-আমিন হোসেন ও ফরহাদ রেজা। দুজনেই তুলে নিয়েছেন ৩টি করে উইকেট। রেজাউল করিম নিয়েছেন ২ উইকেট।
মোহামেডানের ১৮৮ রানের জবাবে আজ আবারও জ্বলে উঠেছিল দোলেশ্বরের ইমতিয়াজ হোসেনের ব্যাট। মাত্র ১২ রানের জন্য প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন তিনি। ১০৯ বলে, ৭ চার ও ৩ ছয়ে ইমতিয়াজ করেছেন ৮৮ রান।
এবারের প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত ইমতিয়াজই সেরা ব্যাটসম্যান। সেঞ্চুরি করেছেন ক্রিকেট কোচিং স্কুল ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ৭৩ আর ভিক্টোরিয়ার বিপক্ষে ৪৩ রানের দুটি ইনিংসও জাগিয়েছিল বড় কিছুর সম্ভাবনা।
জাতীয় দলের সাবেক সদস্য রকিবুল হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। রবিউল ইসলাম রবি করেন ১৬। তবে দোলেশ্বরের জয়টা ত্বরান্বিত হয় নাসির হোসেনের অপরাজিত ৩৭ রানে। রনি তালুকদারও অপরাজিত থাকেন ১২ রানে।
মোহামেডানের সেরা বোলার ছিলেন আরিফুল হক। ৩৪ রানে ২ উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া শুভাশিস রায় ও এনামুল হক জুনিয়র নিয়েছেন একটি করে উইকেট।