শীর্ষে এখন প্রাইম ব্যাংক

পাঁচ ম্যাচে পাঁচ জয়। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত সূচনাই করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। করেছিল লিখতে হচ্ছে কারণ দুই ম্যাচ পর রূপগঞ্জের জয় আটকে আছে সেই পাঁচেই। কাল বিকেএসপিতে দলটিকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। একাডেমির এটি টানা চতুর্থ জয়। এই জয়ে পয়েন্ট তালিকাতেও রূপগঞ্জকে টপকে গেছে ক্লাবটি। সাত ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ১০। তবে মুখোমুখি লড়াইয়ের হিসাবে দুইয়ে একাডেমি, রূপগঞ্জ তিনে। কাল বিকেএসপিরই আরেক মাঠে শেখ জামালকে ৮ উইকেটে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে গেছে প্রাইম ব্যাংক।
লিগে নিজেদের প্রথম ম্যাচের হারের পর প্রাইম ব্যাংকের এটি টানা ষষ্ঠ জয়। ব্যাংকের জয়ে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ১০ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাসকিনকে প্রথম স্পেলে খেলতেই পারেননি শেখ জামাল ধানমন্ডির ব্যাটসম্যানরা। প্রথম ৫ ওভারে চারটি মেডেন পাওয়া এই বোলার ম্যাচের ষষ্ঠ ওভারে চার বলের ব্যবধানে ফিরিয়েছেন অমিত মজুমদার ও শাহরিয়ার নাফীসকে। অষ্টম ওভারে তাসকিনেরই বলে আঙুল ফেটে গেছে শেখ জামালের ওপেনার মাইশুকুরের। প্রথম ৫ ওভারে মাত্র ২ রান দিয়েছেন তাসকিন, দ্বিতীয় স্পেলে আউট করেছেন তুষার ইমরানকে। ৭ উইকেট হারিয়ে ফেলা শেখ জামালের রান তখন ১০৯। ২ ওভার পরে অষ্টম উইকেট হারানো শেখ জামাল শেষ পর্যন্ত ২০৫ রান করে ওই মাইশুকুরের সৌজন্যেই। চোট পাওয়া আঙুল নিয়ে ৩৪তম ওভারে আবার উইকেটে এসে শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ঠিক ৫০ রান করেছেন ১০ নম্বর ব্যাটসম্যান আরাফাত সানিও। জবাবে দুই ওপেনার সাদমান ইসলাম (৬৯) ও সৈকত আলীর (৬৮*) ১২৬ রানের জুটিতেই ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয় পেয়ে যায় প্রাইম ব্যাংক। জ্বরের কারণে ৬৮ রান করেই অবসর নেন সৈকত।
বিকেএসপির অন্য মাঠে কলাবাগান একাডেমিকে ১৯৫ রানের লক্ষ্য দিতে পারে রূপগঞ্জ। একপর্যায়ে ১ উইকেটে ১০৮ রান তুলে ফেলা দলটি ৮৬ রানে হারিয়েছে শেষ ৯ উইকেট। সর্বোচ্চ ৫৮ রান ওপেনার জহুরুল ইসলামের। একাডেমির পেসার মোহাম্মদ শরীফ ৪৬ রানে নিয়েছেন ৪ উইকেট। জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় চার বছর পর লিস্ট ‘এ’ ম্যাচে ৪ উইকেট পেলেন। এরপর ইরফান শুকুর (৮০) ও ইমতিয়াজ হোসেনের (৬৪) উদ্বোধনী জুটিতে ১৩২ রান এনে দিলেও জয় পেতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে।
ফতুল্লায় ডেভিড ম্যালানের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানকে ৩২ রানে হারিয়েছে দোলেশ্বর। ব্যাট হাতে ৪৫ রান করার পর লেগ স্পিন বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-প্রাইম দোলেশ্বর, ফতুল্লা
দোলেশ্বর: ৫০ ওভারে ২১৬/৮ (মারুফ ৫৬, ম্যালান ৪৫, রনি ৩৪, সানজামুল ২৭*; রহমত ৩/৩৮)। মোহামেডান: ৪৮.১ ওভারে ১৮৪ (মিঠুন ৪৮, আরিফুল ৩৭, রহমত ২২; ম্যালান ৩/২২, হাবিবুর ২/১৯, দেলোয়ার ২/২৭)।
ফল: দোলেশ্বর ৩২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।
শেখ জামাল-প্রাইম ব্যাংক, বিকেএসপি-৩
শেখ জামাল: ৫০ ওভারে ২০৫ (মাইশুকুর ৫০*, আরাফাত সানি ৫০, তুষার ৪৯, সোহাগ ২৯; তাসকিন ৩/২৬, তাপশ বৈশ্য ২/৪৩, এনামুল জু. ২/৪৬)। প্রাইম ব্যাংক: ৪৭.৫ ওভারে ২০৬/২ (সাদমান ৬৯, সৈকত অবসর ৬৮*, নুরুল ২৭*, তাইবুর ২২*; ডসন ২/২৯)।
ফল: প্রাইম ব্যাংক ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।
লিজেন্ডস অব রূপগঞ্জ-কলাবাগান সিএ, বিকেএসপি-৪
রূপগঞ্জ: ৫০ ওভারে ১৯৪ (জহুরুল ৫৮, আসহার ৫৫, মোশাররফ ২৭, জুনায়েদ ২৪; শরীফ ৪/৪৬, বিশ্বনাথ ৩/৩৫)। কলাবাগান সিএ: ৪৯.১ ওভারে ১৯৫/৭ (ইরফান ৮০, ইমতিয়াজ ৬৪; শহীদ ২/৩১)।
ফল: কলাবাগান সিএ ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শরীফ।