শুধু কাটারে হবে না বুঝছেন মোস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনের কেক কাটা হলো ড্রেসিংরুমেই। দিনটাও ভালো গেছে মোস্তাফিজের। ছবি: ফেসবুক
জন্মদিনের কেক কাটা হলো ড্রেসিংরুমেই। দিনটাও ভালো গেছে মোস্তাফিজের। ছবি: ফেসবুক

দুই বছর আগে মোস্তাফিজুর রহমান যখন আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন, প্রতিপক্ষের ব্যাটসম্যানের কাছে হয়ে উঠেছিলেন মূর্তিমান আতঙ্ক। তাঁর স্লোয়ার-কাটার ব্যাটসম্যানদের কাছে হয়ে গিয়েছিল বিরাট ধাঁধা। শুরুতে যেভাবে দ্রুত সাফল্য পেয়েছেন, এখন সেটা পাচ্ছেন কোথায়? বাঁহাতি পেসার ভালোভাবেই বুঝেছেন আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন। তবে পিচ্ছিল পথে সাফল্যের পতাকা ওড়াতে মোস্তাফিজও নিজেকে ভাঙছেন। ভান্ডারে যোগ করছেন নতুন অস্ত্র।

যেহেতু আবির্ভাবেই আলোড়ন তুলেছেন, এখন মোস্তাফিজকে অনেক বিশ্লেষণ করে খেলতে নামে প্রতিপক্ষ। ফিজের কাটার-স্লোয়ার এখন তাই কঠিন কোনো ধাঁধা নয় তাদের কাছে। টিকে থাকতে হলে নিজেকে বদলাতে হবে, গত কিছুদিনে এই উপলব্ধি হয়েছে মোস্তাফিজের, ‘এখন চেষ্টা থাকবে নতুন কিছু নিয়ে কাজ করার। এত দিন ছিল কাটার। এখন নতুন বৈচিত্র্য নিয়ে কাজ করতে হবে।’
বোলিংয়ে যে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন মোস্তাফিজ, সেটির কিছু নমুনা দেখা যাচ্ছে চট্টগ্রাম টেস্টে। লাইন-লেন্থে এখনো পূর্ণ নিয়ন্ত্রণ না এলেও গতি বাড়ছে। বাউন্সারের ছোবলে মাঝেমধ্যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভড়কে দিচ্ছেন। দলকে এনে দিচ্ছেন গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু। দিনের খেলা শেষে নিজের বোলিং নিয়ে মোস্তাফিজের বিশ্লেষণ, ‘সাধারণত বাউন্সার কম মারি। এখন চেষ্টা করছি ওভারে দুটি বাউন্সার দিতে। ভালো জায়গায় যদি করতে পারি, সেটা ব্যাটসম্যানের জন্য অসুবিধা, আমার জন্য ভালো।’
তৃতীয় দিন শেষে চট্টগ্রাম টেস্টে ৭২ রানের লিড পেয়ে গেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ টেস্টটা বাঁচাতে পারবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মোস্তাফিজ কিন্তু আশা দিচ্ছেন, ‘এখনো দুই দিন আছে। খুব ভালো করতে পারলে অসম্ভব কিছু নয়। এই ইনিংসে আমাদের আরেকটা উইকেট নিতে হবে। ব্যাটসম্যানরা যদি বড় লক্ষ্য দিতে পারে ওদের, অসম্ভব কিছু না।’